ছোট এক্সটার্নাল এসএসডি আনল স্যামসাং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যামসাং এসএসডি টি১
স্যামসাং এসএসডি টি১

এসএসডি টি১ নামে হালকা-পাতলা ও ছোট আকারের একটি এক্সটার্নাল সলিড স্টেট ড্রাইভ (এসএসডি) উন্মুক্ত করেছে স্যামসাং। ২৮.৩৫ গ্রাম ওজনের গড়পড়তা বিজনেস কার্ডের চেয়েও ছোট ধাতব এই ড্রাইভটি উইন্ডোজ ও ম্যাক উভয় সিস্টেমই সমর্থন করে।

এই এসএসডি ড্রাইভটির সুবিধা হচ্ছে এর ইএক্সএফএটি ফাইল সিস্টেম যা ভিন্ন ভিন্ন কম্পিউটারে এই ড্রাইভটি ব্যবহার করা হলেও ফাইল রিফরম্যাট করার দরকার হবে না।

পোর্টেবল এসএসডি টি১ এ ব্যবহৃত হয়েছে স্যামসাংয়ের থ্রিডি ভার্টিক্যাল এনএএনডি (ভি-এনএএনডি) প্রযুক্তি। ইউএসবি ৩.০ ব্যবহার করে এই ড্রাইভটিতে দ্রুতগতিতে তথ্য স্থানান্তর করা যায়।

প্রচলিত হার্ডডিস্কের তুলনায় এই এসএসডিতে ১০০ গুণ দ্রুত ডেটা রাইট করা যায় বলে স্যামসাংয়ের দাবি। তথ্য স্থানান্তরের গতিও প্রচলিত হার্ডডিস্কের চেয়ে চার গুণ বেশি। একটি ছবি স্থানান্তর করতে এতে আট সেকেন্ড সময় লাগে, যেখানে প্রচলিত হার্ডডিস্কে লাগে ২৬ সেকেন্ডেরও বেশি।

আগামী মাস থেকে ২৫০ জিবি, ৫০০ জিবি ও এক টেরাবাইট স্টোরেজ ক্ষমতার এই এসএসডি বিশ্বের ১৫টি দেশের বাজারে আসবে। এই এসএসডির দাম শুরু হবে ১৭৯.৯৯ মার্কিন ডলার থেকে।

স্যামসাংয়ের মেমোরি ব্যবসার জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট উনসু কিম বলেন, ‘এই পোর্টেবল এসএসডি ব্যবহার করে ব্যবহারকারীরা তাদের পুরো ডিজিটাল পোর্টফলিও নিরাপদে সংরক্ষণ করতে পারবেন। চাইলে সহজে ডেটা বহন করতে পারবেন। যেকোনো জায়গায় নিরাপদে ও দ্রুতগতিতে তথ্য স্থানান্তরের কাজে এই এসএসডি ব্যবহার করা যাবে।’