ছোট ছোট পণ্যে আগ্রহ বেশি
শুধু কম্পিউটারই নয়, বিভিন্ন রকমের ছোট ছোট পণ্যেও রয়েছে নানা রকমের সুবিধা। তরুণদের একটি বড় অংশ মেলায় এসেই খোঁজ নেয় ছোট ছোট প্রযুক্তিপণ্যের। ঢাকার বিসিএস কম্পিউটার সিটিতে সিটিআইটি ২০১০ মেলায় এমন দৃশ্য দেখা যাচ্ছে। গতকাল সোমবার মেলার পঞ্চম দিনে কম্পিউটার সিটি ঘুরে দেখা গেল গান শোনার প্রযুক্তিপণ্যের প্রতি দর্শনার্থীর আগ্রহ বেশি। বিশেষ করে তরুণ প্রজন্ম এমপি-থ্রি, এমপি-ফোর প্লেয়ারের খোঁজখবর করছে।মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান গান শোনার এমপি-থ্রি, এমপি-ফোরসহ বিভিন্ন ধরনের প্লেয়ারের ক্ষেত্রে দিচ্ছে মূল্য ছাড়সহ নানা ধরনের সুবিধা। ইপসিতা কম্পিউটার বিভিন্ন ব্র্যান্ডের এমপি-থ্রি, এমপি-ফোরে দিচ্ছে বিশেষ ছাড়। প্রতিষ্ঠানটি দুই গিগাবাইটের এমপি-থ্রি দুই হাজার টাকায় দিচ্ছে। এ ছাড়া রয়েছে দুই ও আট গিগাবাইটের এমপি-ফোর প্লেয়ারের ক্ষেত্রে বিশেষ ছাড়। ৬০০ টাকায় দুই গিগাবাইট ও ছয় হাজার ৬০০ টাকায় ৩২ গিগাবাইট পেনড্রাইভ পাওয়া যাচ্ছে মেলায়। মূল্যছাড় রয়েছে বিভিন্ন আকারের ভয়েস রেকর্ডার, মেমোরি কার্ডে। ইউনাইটেড কম্পিউটার্স বিভিন্ন আকারের ভিডিও রেকর্ডার পেন, রোদচশমা, চাবির রিং আকারের এমপি-থ্রি প্লেয়ারে বিশেষ ছাড় দিচ্ছে। এ ছাড়া প্রতিষ্ঠানটি ৯৫০ টাকায় ছোট স্পিকার ও ৫০০ টাকায় মেমোরি কার্ডযুক্ত স্পিকার দিচ্ছে। ইউনাইটেড কম্পিউটার সেন্টারে বহনযোগ্য (পোর্টেবল) ১২০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ ছয় হাজার ৮০০ টাকায় এবং ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক আট হাজার ১০০ টাকায় পাওয়া যাচ্ছে। মেলা উপলক্ষে দেশের বাজারে আইএক্সএ ব্র্যান্ডের ল্যাপটপ ব্যাগ এনেছে সোর্স এজ লিমিটেড। মেলায় এসব ব্যাগের দাম এক থেকে সাড়ে চার হাজার টাকা। বিসিএস কম্পিউটার সিটির সভাপতি মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মেলায় দর্শকের সাড়া উত্সাহব্যঞ্জক। সার্বিকভাবে আমরা চেষ্টা করছি তাদের মেলার সর্বোচ্চ সুবিধা দিতে। এ ছাড়া দর্শকের আগ্রহ আর আগমন ভালো। সব মিলিয়ে ভালোভাবেই চলছে এবারের মেলা।’মেলার কেন্দ্রীয় মঞ্চে প্রতিদিনই নানা আয়োজন থাকছে। গত রোববার কম্পিউটার সিটির পক্ষ থেকে আসুসের আঞ্চলিক পরিচালক (দক্ষিণ এশিয়া) আলবার্ট টুংকে বিশেষ সম্মাননা জানানো হয়। এ সময় গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান এ এস এম আব্দুল ফাত্তাহ্, পরিচালক জসিম উদ্দিন খন্দকারসহ অনেকে উপস্থিত ছিলেন।নয় দিনের এই মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলায় প্রবেশে টিকিটের মূল্য ১০ টাকা। তবে বিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রতিবন্ধীরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবে। মেলা চলছে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত। গতকাল সন্ধ্যায় মেলার কেন্দ্রীয় মঞ্চে অভিনেত্রী নাদিয়াকে সংবর্ধনা দেওয়া হয়।—নুরুন্নবী হাছিব ও বাদল খান