ছোট-বড়-রঙিন আইফোন আনছে অ্যাপল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় মাপের ডিসপ্লেযুক্ত আইফোন বাজারে আনতে পারে অ্যাপল। অ্যাপল ঘনিষ্ঠ সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্মার্টফোনের বাজারে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাংয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে আগামী বছর বড় মাপের ডিসপ্লেযুক্ত একটি মডেলের পাশাপাশি সাশ্রয়ী দামের বিভিন্ন রঙের আইফোন বাজারে আনবে অ্যাপল।

অ্যাপল ঘনিষ্ঠ চারটি সূত্রের বরাতে রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপলের নতুন মডেলের স্মার্টফোন আনার পরিকল্পনা এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। বর্তমানে স্যামসাংয়ের সঙ্গে স্মার্টফোনের বাজারে পেরে উঠছে না অ্যাপল।

বর্তমানে বাজারে বিভিন্ন দামের স্যামসাং ‘ফ্যাবলেট’-এর কাছে মার খাচ্ছে অ্যাপল। স্মার্টফোনের চেয়ে আকারে বড় আর সাত ইঞ্চি মাপের ট্যাবলেটের চেয়ে আকারে কিছুটা ছোট পণ্যগুলোকে ফ্যাবলেট বলেন প্রযুক্তি-গবেষকেরা।

বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, আগামী বছর নাগাদ পাঁচ দশমিক সাত ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত আইফোনের নতুন একটি মডেলের পাশাপাশি চার দশমিক সাত ইঞ্চির একটি মডেল বাজারে আনতে পারে অ্যাপল কর্তৃপক্ষ। এশিয়ার স্মার্টফোন বাজারে জনপ্রিয়তা পেতে আইফোনের মডেলে রদবদল আসতে পারে।

অ্যাপল ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, বর্তমানে বড় মাপের আইফোন নিয়ে কাজ করলেও এ আইফোন বাজারে আসবে কিনা কা স্পষ্ট নয়। অ্যাপল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

২০১২ সালের সেপ্টেম্বর মাসে সাড়ে তিন ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত আইফোনের সর্বশেষ সংস্করণ বাজারে এনেছিল অ্যাপল। বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, চলতি বছর আইফোন ৫ এর নতুন সংস্করণ আইফোন ৫এস বাজারে আনার ঘোষণা দেবে অ্যাপল। তবে আগামী বছর নাগাদ আইফোনে বড় ধরনের পরিবর্তন আনতে পারে প্রতিষ্ঠানটি।

অ্যাপলের ঘোষণা

চলতি বছরের ১০ জুন ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস সম্মেলনে মোবাইল পণ্যের জন্য নতুন নকশায় অপারেটিং সিস্টেম আইওএস ৭ ঘোষণা করেছে অ্যাপল। এ অনুষ্ঠানে ম্যাক অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ ম্যাভেরিকসের ঘোষণা দিয়েছে অ্যাপল। নতুন ম্যাক প্রো, ম্যাকবুক এয়ারও দেখিয়েছে অ্যাপল। তবে আইফোন ও আইপ্যাড সম্পর্কে কোনো ঘোষণা আসেনি। বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, আইওএসের নতুন সংস্করণযুক্ত সাশ্রয়ী দামের আইফোনের ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। সাশ্রয়ী দামের এই আইফোনগুলোতে ব্যবহূত হবে প্লাস্টিকের কাঠামো আর এগুলো বাজারে আসবে বিভিন্ন রঙে। এ আইফোনের দাম ১০০ ডলারের নীচে রাখতে পারে অ্যাপল।

বিশ্লেষকেদের ধারণা

বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, স্যামসাং যেভাবে এশিয়ার স্মার্টফোন বাজার দখল করেছে অ্যাপলের ক্ষেত্রে সাশ্রয়ী দামের ও বিভিন্ন মাপের আইফোন আনলে তবেই তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা সম্ভব। সম্প্রতি অল থিংস ডিজিটাল সম্মেলনে এ প্রসঙ্গে অ্যাপলের প্রধান নির্বাহী বিষয়টি ভবিষ্যতে ভাবনা বলে আর কথা বাড়াননি। তাঁর মন্তব্য হচ্ছে, অ্যাপল মানের সঙ্গে আপোশ করে না।

সাশ্রয়ী আইফোনের গুজব

পাঁচটি ভিন্ন ভিন্ন রঙে সাশ্রয়ী দামের আইফোন বাজারে আনতে পারে অ্যাপল। চলতি বছরের অক্টোবর মাস নাগাদ ২০০ ব্রিটিশ পাউন্ড দামের এ আইফোন বাজারে দেখা যেতে পারে বলেই এক খবরে জানিয়েছে ডেইলি মেইল।

এই আইফোনে থাকবে ৩.৫ ইঞ্চি মাপের স্ক্রিন। সাদা, কালো, নীল, লাল ও হলুদ এই পাঁচ রঙে বাজারে আসবে আইফোনগুলো। অনলাইনে ট্যাকটাস ডটকম নামের একটি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটে পাঁচ রঙের এ আইফোনের ছবিও প্রকাশ করেছে। ২ এপ্রিল মঙ্গলবার ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, চলতি বছরে দুটি মডেলের আইফোন বাজারে আনার ঘোষণা দিতে পারে অ্যাপল। উন্নয়নশীল দেশগুলোতে স্মার্টফোনের বাজার দখল করতে সাশ্রয়ী দামের আইফোনের একটি মডেল ছাড়বে অ্যাপল। জাপানের প্রযুক্তি বিষয়ক ব্লগ সাইট ম্যাকোতোরাকা থেকে নতুন মডেলের আইফোন বিষয়ে তথ্য প্রকাশ করা হয়েছিল। ম্যাকোতারাকার তথ্য অনুযায়ী, অ্যাপলের সাশ্রয়ী দামের আইফোনটিতে ব্যবহূত হবে পলিকার্বনেট বা বিশেষ প্লাস্টিক। ৪.৫ ইঞ্চি মাপের আইফোনের দাম ৩০০ মার্কিন ডলারের মধ্যে রাখতে পারে অ্যাপল। এ ছাড়াও ‘আইফোন মিনি’ বাজারে আসতে পারে বলেও গুজব রয়েছে।

আইফোনের ছোটো-বড়

বাজারে অ্যাপলের পণ্য ঘিরে সব সময় উন্মাদনা থাকে। প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে অ্যাপলের নতুন পণ্য ঘিরে খবর প্রকাশিত হতে দেখা যায়।

বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিক্সের গবেষকেরা জানিয়েছেন, বাজারে সাশ্রয়ী দামের স্মার্টফোনের চাহিদা রয়েছে। চলতি বছরে স্মার্টফোন বাজার ২৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এক্ষেত্রে দক্ষিণ এশিয়া, উত্তর আমেরিকা, চীনে স্মার্টফোন বিক্রি হবে সবচেয়ে বেশি।

এশিয়ায় আইফোনের কদরের কথা ভেবে অ্যাপল ছোটো বা বড় মাপের সাশ্রয়ী আইফোন  আনছে কী-না তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে।