ছোট স্ক্রিনের উইন্ডোজ ৮ ট্যাবের তথ্য ফাঁস
উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমনির্ভর ছোটো স্ক্রিনের ট্যাবলেট বাজারে আনতে পারে তাইওয়ানের কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান এসার। সম্প্রতি আমাজনের ওয়েবসাইটে ‘ডব্লিউথ্রি-৮১০’ মডেলের এসার নির্মিত একটি ৮.১ ইঞ্চি মাপের ট্যাবলেটের ছবি প্রকাশিত হয়েছিল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট পিসিওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ডব্লিউথ্রি-৮১০’ মডেলের ট্যাবলেটটির তথ্য ৩ মে শুক্রবার ‘অসতর্কতা বশত’ প্রকাশ করে ফেলেছিল অনলাইন রিটেইলার আমাজন। এ ট্যাবলেটটির দাম দেখানো হয়েছিল ৩৭৯.৯৯ মার্কিন ডলার। পরবর্তীতে এ ট্যাবলেটটির তথ্য দ্রুত সরিয়ে ফেলেছিল আমাজন। যুক্তরাষ্ট্রের বাজার গবেষকেরা জানিয়েছেন, এখন পর্যন্ত বাজারে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমনির্ভর ট্যাবলেটের মধ্যে ১০ ইঞ্চির নিচে কোনো ট্যাব নেই। এসারের ডব্লিউথ্রি হতে যাচ্ছে প্রথম ক্ষুদ্রাকার উইন্ডোজ ট্যাব। এ ট্যাবটিতে ১.৮ গিগাহার্টজ ডুয়াল কোর ইনটেল অ্যাটম প্রসেসর, দুই গিগাবাইট র্যাম, ৩২ গিগাবাইট ইন্টারনাল মেমোরি, পেছনে ও সামনে ২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।ফাঁস হয়ে যাওয়া উইন্ডোজ ট্যাব সম্পর্কে এসার আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।