
আমার স্বপ্নগুলো কথা বলে। প্রতিদিন আমার চলার পথে, ক্লাসে, বাসে—সবখানে তারা কথা বলে। সবাই বলে মানুষের স্বপ্ন নাকি সব সাদাকালো। আচ্ছা, তাহলে আমার সবগুলো স্বপ্ন কেন রঙিন?
ছোটবেলায় আমার স্বপ্নের সূচনা করেছিল একটি বই, হান্স ক্রিশ্চিয়ান আন্দারসনের কুৎসিত হাঁসের ছানা। যে ছিল সবার থেকে আলাদা, তাকে নিজেদের মধ্যে মেনে নিতে চায় না কেউ সহজে। এই অসাধারণ বইটি কেন জানি না শিশুদের প্রতি আমার মনে অন্য রকম একটি জায়গা তৈরি করে দিয়েছিল সেই সময়।
তাই আমার স্বপ্ন হলো শিশুদের জন্য কিছু করা। শিশুদের শৈশব যেন হয় আমার স্বপ্নগুলোর মতো রঙিন ও সুন্দর—এটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন।
আমি বিশ্বাস করি, যারা এই সুন্দর পৃথিবীকে সামনে এগিয়ে নিয়ে যাবে, সেই শিশুদের মনটাকে গড়ে তোলার দায়িত্বটাও আমাদের। তাই আমি শিশুদের নিয়ে কাজ করতে চাই, তাদের স্বপ্নগুলোকেও আমার মতো কথা আর রং দিয়ে সাজিয়ে দিতে চাই। এখনো ডালিমকুমারের গল্প আমাকে টানে, জীবনকাঠির রহস্য আমাকে ভাবায়।
চলার পথে, ক্যাম্পাসে—সবখানে দেখি অসংখ্য পথশিশু। এই শিশুগুলো কখনো হান্স ক্রিশ্চিয়ান আন্দারসন পড়েনি, কখনো রবিঠাকুরের ‘ইচ্ছে পূরণ’ পড়ে প্রাণ খুলে হাসার সুযোগ পায়নি। কঠিন বাস্তবতার মধ্যেই এদেরকে জীবনযুদ্ধে নামতে বাধ্য করেছে। আমি এসব শিশুর জন্য জীবনে কিছু করতে চাই। আমি জানি, শুধু আমি একা নই, আমার সঙ্গে থাকবেন হাজারো স্বপ্নবান মানুষ।