ছোটদের বড় কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোমাদের মতোই বয়স তাদের। তোমাদের মতোই কেউ চুলে ঝুঁটি বাঁধত, কেউ ফুটবল খেলত, কেউবা রং-পেনসিল হাতে আঁকত মজার সব ছবি। এই ছোট মানুষগুলোই কিন্তু জন্ম দিয়েছে বড় বড় ঘটনার! ‘পৃথিবী বদলে দেওয়া ৮ অসাধারণ শিশু’ শিরোনামে তাদের কীর্তিগাথা প্রকাশ করেছে এমএনএন ডট কম। একবার চোখ বুলিয়েই দেখো, রীতিমতো চমকে যাবে!

ক্লডিট কলভিন

ক্লডিট কলভিন
ক্লডিট কলভিন

১৯৫৫ সালের কথা। যুক্তরাষ্ট্রে সাদা আর কালোদের মধ্যে বিবাদ তখনো ছিল। এমনকি বাসের সিটের ক্ষেত্রেও ছিল এই বিভক্তি। যাদের গায়ের রং সাদা, তারা বসবে সামনের সিটে। কালোদের বসতে হবে পেছনে। বড়রা মেনে নিলেও এমন অদ্ভুত নিয়ম মেনে নিতে পারেনি ১৫ বছর বয়সী এক কিশোরী। স্কুলবাসে চালকের মুখের ওপর সে কঠিন গলায় বলেছিল, ‘আমি পেছনে বসব না।’ এ অপরাধে ছোট মেয়েটাকে যখন হাতকড়া পরিয়ে জেলখানায় ঢোকানো হলো, কান্নায় ভেঙে পড়েছিল সে। কিন্তু মনোবল ভাঙেনি। কাঠগড়ায় দাঁড়িয়েও সে তার বক্তব্যে অনড় ছিল। এ ঘটনার জের ধরেই, অবশেষে বাসে সিটের বিভক্তি বাতিল করা হয়েছিল।

কেটি স্ট্যাগলিয়ানো

কেটি স্ট্যাগলিয়ানো
কেটি স্ট্যাগলিয়ানো

স্কুল থেকে ফেরার পথে একদিন কতগুলো বাঁধাকপির বীজ কিনে ফেলল কেটি স্ট্যাগলিয়ানো। নয় বছরের মেয়েটা বীজগুলো ছড়িয়ে দিয়েছিল বাড়ির উঠানে। কদিন বাদেই অবাক কাণ্ড, বেশ ভালো ফলন হয়েছিল তার বাগানে। একটা সুপের দোকানের মালিকের সঙ্গে কথা বলে কেটি একটা বুদ্ধি পেল। বাঁধাকপিগুলো দিয়ে তৈরি হলো স্যুপ, সেই স্যুপ খাওয়ানো হলো ২৭৫ জন দরিদ্র মানুষকে। ব্যস, মানুষকে সাহায্য করার আনন্দটা পেয়ে বসল তাকে। পরিবারের অন্যদের সহায়তায় বিশাল একটা সবজির বাগান করেছে সে। এখন তার বাগানের তাজা সবজি নিয়মিত তুলে দেওয়া হয় অনাহারি মানুষের হাতে।

লুইস ব্রেইল

লুইস ব্রেইল
লুইস ব্রেইল

লুইস ব্রেইলের জন্ম ১৮০৯ সালে। মাত্র তিন বছর বয়সে দৃষ্টিশক্তি হারান তিনি। ১৫ বছর বয়সে তিনি আবিষ্কার করেন দৃষ্টিপ্রতিবন্ধীদের পড়ালেখার সুবিধার্থে এক অভিনব পদ্ধতি। উঁচু হয়ে থাকা ছোট ছোট বিন্দু, হাত দিয়ে স্পর্শ করে অক্ষরগুলো বুঝে নেওয়া যায়। তাঁর নামানুসারে এই পদ্ধতির নামকরণ করা হয়েছিল ব্রেইল। আঠারো শতকে জন্ম নেওয়া ১৫ বছরের সেই কিশোরের আবিষ্কার আজও অগণিত দৃষ্টিপ্রতিবন্ধীকে পড়ালেখা করতে সাহায্য করছে। ভাবতে পারো!

রায়ান রেলজ্যাক

রায়ান রেলজ্যাক
রায়ান রেলজ্যাক

১৯৯৮ সালের কথা। রায়ান রেলজ্যাকের বয়স তখন মাত্র ছয় বছর। আফ্রিকার অনেক এলাকায় বিশুদ্ধ পানি নেই। পানি খেতে প্রতিদিন বহু দূর হাঁটতে হয় সেখানকার অধিবাসীদের—শুনে শিউরে উঠেছিল সে! একটু একটু করে টাকা জমাতে শুরু করেছিল। ১৯৯৯ সালে তার জমানো টাকায় উগান্ডায় বসানো হয়েছিল একটা গভীর নলকূপ। সেই থেকে শুরু। ‘রায়ান’স ওয়েল ফাউন্ডেশন’ নামে একটি দাতব্য সংস্থা চালু হয় তখনই। আজ অবধি এই সংস্থার মাধ্যমে ১৬টি দেশে ছয় শতাধিক নলকূপ স্থাপন করা হয়েছে।

আলেক্সান্দ্রা অ্যালেক্স স্কট

আলেক্সান্দ্রা অ্যালেক্স স্কট
আলেক্সান্দ্রা অ্যালেক্স স্কট

আলেক্সান্দ্রা অ্যালেক্স স্কটের জন্ম ১৯৯৬ সালে। জন্মের কয়েক বছর পরই বাবা-মা জানতে পারলেন, ছোট্ট মেয়েটার শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। তাই বলে অ্যালেক্স মন খারাপ করে বসে থাকেনি। ক্যানসারের চিকিৎসা আর এ-বিষয়ক গবেষণার তহবিল গঠনের জন্য চার বছর বয়সী ছোট্ট মানুষটা শুরু করেছিল এক অভিনব কাণ্ড। একটা লেমোনেডের (একধরনের লেবুর শরবত) দোকান দিয়েছিল সে। প্রথম দফায় অ্যালেক্সের দোকান থেকে আয় হয়েছিল প্রায় দুই হাজার ডলার। এই টাকা হাতে নিয়ে শুরু হয়েছিল ক্যানসার গবেষণায় তহবিল গঠনের কাজ। সবার মন খারাপ করে দিয়ে আট বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিয়েছে আলেক্সান্দ্রা অ্যালেক্স স্কট। কিন্তু তার মহৎ উদ্যোগ এখনো চালু আছে ‘অ্যালেক্স লেমোনেড স্ট্যান্ড ফাউন্ডেশন’ নামে।

অ্যানা ফ্রাঙ্ক

অ্যানা ফ্রাঙ্ক
অ্যানা ফ্রাঙ্ক

দ্বিতীয় বিশ্বযুদ্ধ। চারদিকে ভয়ংকর গোলাগুলি, হানাহানি, ধ্বংসযজ্ঞ! এসবের মধ্যে পরিবারের সঙ্গে আত্মগোপন করে আছে ছোট্ট একটা মেয়ে। তার বয়স মাত্র ১৩ বছর। গুটি গুটি অক্ষরে সে তার ডায়েরিতে লিখে রাখে আশপাশের ঘটনাগুলো। ভাবলেই কেমন গায়ের লোম দাঁড়িয়ে যায়, তাই না! এমনটাই করেছিল অ্যানা ফ্রাঙ্ক। যুদ্ধ শেষে তার ডায়েরিই বই আকারে প্রকাশ পেয়েছিল দ্য ডায়েরি অব আ ইয়ং গার্ল নামে। সারা বিশ্বে সাড়াজাগানো এ বইটা মানুষকে আরও একবার মনে করিয়ে দিয়েছে যুদ্ধের ভয়াবহতা। বিশ্বের সর্বাধিক পঠিত বইগুলোর মধ্যে অন্যতম অ্যানা ফ্রাঙ্কের এই ডায়েরি।

ডিলান মাহালিঙ্গাম

ডিলান মাহালিঙ্গাম
ডিলান মাহালিঙ্গাম

ছেলেটা মাত্র অষ্টম শ্রেণীর ছাত্র। সে যখন বন্ধু আর শিক্ষকদের বলতে শুরু করল, ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বের শিশুরা একত্র হয়ে চাইলে মহৎ কোনো কাজ করতে পারে—কেউ খুব একটা পাত্তা দেয়নি। সবাইকে অবাক করে দিয়ে, ডিলান মাহালিঙ্গাম নিউ হ্যাম্পশায়ারে বসেই যোগাযোগ করেছিল বিশ্বের ৪১টি দেশের শিশু-কিশোরদের সঙ্গে। ধীরে ধীরে ডিলানের সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসে শিশুরা ভাবতে শুরু করেছিল, কীভাবে একটা সুন্দর পৃথিবী গড়ে তোলা যায়। এভাবেই তৈরি হয়েছে অনলাইনভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা লিল’ এমডিজিস।

ডিভাইন ব্র্যাডলে

ডিভাইন ব্র্যাডলে
ডিভাইন ব্র্যাডলে

যুক্তরাষ্ট্রের ক্যানারসিতে শিশু-কিশোরদের দিনগুলো একঘেয়ে হয়ে উঠেছিল। সকালে স্কুল, স্কুল থেকে বাসা, পরদিন আবার স্কুল। এমনকি সবাই মিলে গল্প করারও সুযোগ ছিল না। ডিভাইন ব্র্যাডলে নামের এক কিশোর ভাবল, একসঙ্গে একটা ‘দল’ হয়ে উঠতে পারলে নিশ্চয়ই ভালো কিছু কাজ করা যাবে। বাড়ির বেসমেন্টে জায়গা করে নিল সে। এলাকার শিশু-কিশোররা জড়ো হতে শুরু করল সেখানে। গড়ে উঠল ‘টিম রেভল্যুশন’ নামে একটি দাতব্য সংস্থা। ক্যানারসিসহ আশপাশের এলাকাগুলোয় সমাজসেবার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে টিম রেভল্যুশন।
গ্রন্থনা: মো. সাইফুল্লাহ