ছোট্ট কম্পিউটার 'এডিসন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এডিসন
এডিসন

কম্পিউটারের আকার কতো ছোটো হতে পারে? মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেলকে যদি এই প্রশ্ন করা হয় তবে উত্তর মিলবে ছোট্ট একটি এসডি কার্ডের সমান! ৬ জানুয়ারি ইনটেল কর্তৃপক্ষ মোবাইল পণ্যের মাইক্রো এসডি কার্ডের সদৃশ ‘এডিসন’ নামের একটি কম্পিউটার চিপ উন্মুক্ত করেছে। এডিসন চিপটিতে কোয়ার্ক মাইক্রোপ্রসেসর প্রযুক্তি ব্যবহার করেছে ইনটেল। এই প্রযুক্তিটি কয়েক মাস আগে ইনটেল প্রদর্শন করেছিল।

ইনটেলের প্রধান নির্বাহী ব্রায়ান ক্রেরসানিস জানিয়েছেন, তাদের এই কম্পিউটার পরিধেয় প্রযুক্তিপণ্যের পাশাপাশি মানুষের নিত্যপ্রয়োজনীয় বস্তুগুলোতে ইন্টারনেট সংযোগের আওতায় আনতে ব্যবহার করা যাবে।

এডিসনের সঙ্গে রয়েছে বিল্ট ইন ওয়্যারলেস প্রযুক্তি যাতে একাধিক অপারেটিং সিস্টেম সমর্থন করবে। এটি মূলত একটি এসডি কার্ডের আদলে পুরোপুরি কম্পিউটার। এ বছরের মাঝামাঝিতে এই চিপটি বাজারে আসবে।

৭ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হওয়া কনজুমার ইলেকট্রনিকস শো উপলক্ষে ইনটেলের প্রধান নির্বাহী ক্রেরসানিস একটি কী নোট উপস্থাপন করেন। কী নোটে এডিসন ব্যবহারের একটি উদাহরণ তুলে ধরেন তিনি। তিনি জানান, শিশুর পোশাকে এই কম্পিউটার যুক্ত করা যেতে পারে যাতে শিশুর ওপর নজরদারি করতে পারবেন তার অভিভাবক। এমনকি কফির কাপের সঙ্গে ইন্টারনেট সংযোগ করা যাবে।


মার্কিন বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, পরিধেয় প্রযুক্তিপণ্যের চাহিদা বাড়তে থাকায় চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। ইনটেলের পাশাপাশি পরিধেয় প্রযুক্তিপণ্যের জন্য চিপ তৈরি করেছে প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম। এবারের কনজুমার ইলেকট্রনিকস শো উপলক্ষে আরেক প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া কর্তৃপক্ষও ‘কে১’ নামের একটি চিপ উন্মুক্ত করেছে।
আরও পড়ুন: পকেটের মধ্যেই সুপারকম্পিউটার