ছোট্ট ছেলের ভুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোট্ট ছেলে ভুল করেছে—
ভুল ছোটরাই করে
এমন হাজার ভুলের খবর
মিলবে ঘরে ঘরে!
ভুলটা কী? সে মদ খেয়েছে
একটু না হয় রাতে—
কিসের মহাভারত বলো
অশুদ্ধ হয় তাতে?
মাতাল হয়ে চালিয়েছিল
বাপের গাড়িখানি
এই বয়সে এসব করেই—
কিসের পেরেশানি?
সেই গাড়িটাই ভুল করে লোক
না হয় দিল চাপা—
তাই বলে কি এসব হবে
পত্রিকাতে ছাপা?
পত্রিকাতে ছাপলে, আবার
ফেসবুকে দাও সেটা?
কারণ ছেলের বাপ-চাচারা
সবাই যে কেউকেটা?
কারোর যদি বাপ-চাচা হয়
প্রভাবশালী—তবে
ছোট্ট ছেলের ছোট্ট ভুলে
কাণ্ড এত হবে?
আমার বাবা বিরাট মানুষ—
এটাই আমার দোষ?
একটা অবুঝ শিশুর প্রতি
কেন এমন রোষ?
শিশুর প্রতি বিরূপ হওয়া
মোটেই ভালো নয়
এটা তো ভাই, নৈতিকতার
চরম অবক্ষয়!