ছোট্ট পাখির বিশাল কীর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্ল্যাকপোল ওয়ার্বলার পাখি l ছবি: ভেরমন্ট সেন্টার ফর ইকোস্টাডিজ
ব্ল্যাকপোল ওয়ার্বলার পাখি l ছবি: ভেরমন্ট সেন্টার ফর ইকোস্টাডিজ

সুকণ্ঠী পাখিটির ওজন মাত্র ১২ গ্রাম। চায়ের চামচে তিন চামচ চিনির সমান। কিন্তু সামর্থ্যের বিবেচনায় মোটেও মামুলি নয়। কারণ, এটি ছোট্ট ডানায় ভর করে উত্তর আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে পারে। প্রায় অর্ধশতাব্দীর রহস্য ভেদ করে বিজ্ঞানীরা গত মঙ্গলবার পাখিটির বিস্ময়কর কীর্তির কথা জানিয়েছেন। বায়োলজি লেটার্স সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
বৈজ্ঞানিক নাম সেটোফাগা স্ট্রিয়াটা। ব্ল্যাকপোল ওয়ার্বলার নামেও পরিচিত পাখিটি। গলার পালকের রং সাদা। মাথাটা কালো। প্রতি হেমন্তে যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড এলাকা থেকে দক্ষিণ আমেরিকায় পাড়ি দেয় এই পাখি। কিন্তু দীর্ঘ সেই যাত্রায় এরা একটানা উড়ে চলে কি না, তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক ৫০ বছরের পুরোনো। রহস্যের সমাধান করতে তাঁরা ওই প্রজাতির ৪০টি পাখির পিঠে বিশেষ যন্ত্র সংযোজন করেন। এগুলোর মাধ্যমে তাদের ওড়ার তথ্য সংগ্রহ করা হয়। যন্ত্রগুলো খুবই হালকা, ওজন মাত্র শূন্য দশমিক পাঁচ গ্রাম।
সংগৃহীত তথ্য-উপাত্ত অনুযায়ী, পাখিটি বিস্ময়করভাবে অবিরাম যাত্রায় ২ হাজার ২৭০ থেকে ২ হাজার ৭৭০ কিলোমিটার দীর্ঘ পথ উড়ে গন্তব্যে পৌঁছায়। এ সময় তারা নিজেদের গ্রীষ্মকালীন আবাস যুক্তরাষ্ট্রের ভেরমন্ট এবং কানাডার নোভা স্কোশিয়া থেকে পুয়ের্তো রিকো, কিউবা এবং গ্রেটার আন্টিলিস দ্বীপপুঞ্জে পৌঁছায়। সেখান থেকে তারা ভেনেজুয়েলা ও কলম্বিয়ায় পাড়ি দেয়। যন্ত্রগুলো ওই পাখির গতিপথ শনাক্ত করতে পারলেও তাৎক্ষণিকভাবে তথ্য-উপাত্ত পাঠানোর মতো যথেষ্ট বড় ও শক্তিশালী নয়। বিশ্লেষণের জন্য ভেরমন্টের পাখিগুলোর কাছ থেকে তথ্য-সমৃদ্ধ তিনটি যন্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। আর নোভা স্কোশিয়ার পাখিগুলোর কাছ থেকে উদ্ধার করা গেছে আরও তিনটি।
অ্যালবাট্রস, গাঙশালিক ও শঙ্খচিলজাতীয় পাখিরা তাদের দীর্ঘ উড়ালের জন্য বিখ্যাত। তবে এসব পাখির রয়েছে প্রশস্ত ও দীর্ঘ ডানা এবং ক্লান্ত হয়ে পড়লে পানিতে নেমে পড়ে বিশ্রাম নেওয়ার ক্ষমতা। কিন্তু জংলি যে পাখি আকারে একটা টেনিস বলের চেয়ে কোনোক্রমেই বড় নয় এবং সমুদ্র স্পর্শ করলে নিশ্চিত ডুবে যাবে, তাদের পক্ষে এত লম্বা পথ নিরবচ্ছিন্নভাবে উড়ে যাওয়াটা নিঃসন্দেহে অবাক করার মতো ব্যাপার বলে গবেষকেরা মনে করছেন।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অ্যামহার্স্ট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী বিল ডিলুকা বলেন, ছোট্ট গানের পাখিরা কীভাবে এবং কোন পথে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে পাড়ি দেয় এবং গ্রীষ্মমণ্ডলীয় শীতল এলাকায় গিয়ে প্রজনন ঘটায়—সে ব্যাপারে জানার কাজে তাঁরা কেবল প্রাথমিক পর্যায়ে রয়েছেন। সুরেলা পাখির ক্ষেত্রে এটিই তাঁদের জানামতে সবচেয়ে লম্বা অবিরাম যাত্রা। আর ব্যাপারটা পৃথিবীতে কোনো পরিযায়ী প্রাণীর সবচেয়ে অসাধারণ প্রয়াসগুলোর একটি।
সূত্র: এএফপি