ছোট্ট শিশুর হঠাৎ দুর্ঘটনা

অন্য সব দিনের মতোই স্কুলে গিয়েছিল ছোট মেয়েটি। বন্ধুদের সঙ্গে খেলছিল। হঠাৎ এক সহপাঠীর পায়ে হোঁচট খেয়ে পড়ে যায় সে। সামনের চারটি দাঁত পড়ে যায় তার। এর মধ্যে দুইটি ‘দুধ দাঁত’ আর দুই স্থায়ী দাঁত। চিকিৎসকেরা জানান, সাময়িকভাবে কৃত্রিম দাঁত লাগানো যাবে।আর প্রাপ্তবয়স্ক হলে কৃত্রিম দাঁত স্থায়ীভাবে বসিয়ে দিতে হবে। পুরো ঘটনাটিতে শিশুটি যতটা না মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে, তার চেয়েও আশপাশের মানুষের কথায় সে কষ্ট পাচ্ছে বেশি। ‘আহারে, ওর কত বড় ক্ষতি হয়ে গেল, বড় হয়ে বিয়ের সময় অসুবিধা হবে। ইশ্, এখন কী হবে!’—সমবেদনার এসব কথায় শিশুটির মনের কতটা ক্ষতি হচ্ছে, তা কিন্তু কেউ বুঝতে পারছেন না।
দুর্ঘটনা যে কারোরই জীবনে যেকোনো সময় হতে পারে। তখন ছোট-বড় প্রত্যেকেরই মানসিক সমর্থনের প্রয়োজন হয়। বিশেষ করে শিশুদের। কেননা, ছোট বয়সে কখনো কখনো তারা আঘাত মানতে পারে না। এই শিশুটি যেমন দাঁত হারিয়েছে, কারও কারও হাত-পা ভেঙে যায়, অনেকের আরও বড় ধরনের শারীরিক ক্ষতি হয়। এ সময় মা-বাবা তো বটেই, আশপাশের মানুষকেও আচার-আচরণের ক্ষেত্রে সহনশীল হতে হবে। তাঁদের বুঝতে হবে, শিশুর সামনে কেমন আচরণ করা যাবে না, কেমন কথা বলা যাবে না। তাঁরা হয়তো ভালো বুঝেই বলবেন, কিন্তু এ থেকে শিশুটির মনে পড়তে পারে নেতিবাচক প্রভাব।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহকারী অধ্যাপক জহির উদ্দিন জানান, শিশু কোনো ধরনের শারীরিক দুর্ঘটনার শিকার হলে তার সঙ্গে স্বাভাবিক আচরণ করতে হবে। আচরণে এটা বোঝানো যাবে না যে তার বড় কোনো ক্ষতি হয়ে গেছে। তবে হাত-পা ভাঙা বা অন্য কোনো শারীরিক ক্ষতি হলে আলাদা যত্ন নিতে হবে। এই যেমন তার হাঁটাচলা কিংবা খাবার খেতে সাহায্য করা যেতে পারে। সবচেয়ে বেশি প্রয়োজন মা-বাবা ও ভাইবোনদের সহযোগিতা। সেটি সঠিকভাবে পেলে কোনো কিছুই তাকে বিপর্যস্ত করতে পারবে না।
বিশেষজ্ঞরা মনে করেন, স্বাভাবিক আচরণ করলেও বিশেষ বিশেষ ক্ষেত্রে আশপাশের মানুষকে শিশুটির বিষয়ে যত্নবান হতে হবে। যদি তার দাঁত পড়ে বা ভেঙে যায়, তাহলে তার উপযোগী খাবার রান্না করতে হবে। দেখা গেল, পারিবারিক কোনো দাওয়াত বা বিশেষ কোনো অনুষ্ঠান থাকলে আগে থেকেই তাদের একটু জানিয়ে রাখা—কোন খাবারটি সে খেতে পারবে, সে রকম কোনো একটি খাবারের ব্যবস্থা করা। সে খেতে পারবে না বলে তাকে সামাজিক কোনো অনুষ্ঠানে না নেওয়া কোনো সমাধান নয়। এতে শিশুটির মনে নানা রকমের দ্বন্দ্ব তৈরি হবে, যা পরিবার ও আশপাশের মানুষকে আন্তরিকতার মাধ্যমে দূর করে দিতে হবে।
এসব ক্ষেত্রে স্কুলের শিক্ষক ও সহপাঠীদেরও দায়িত্ব আছে বলে মনে করেন ভিকারুননিসা নূন স্কুলের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক পারভীন বানু। তাঁর মতে, সহপাঠীদের সহমর্মী হতে হবে। শিক্ষকদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে।