ছোট্ট সোফির ড্রাগন ও বিজ্ঞানীদের ক্ষমা প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুথলেস ড্রাগন
টুথলেস ড্রাগন

সারা বছর জুড়ে বিজ্ঞানীরা কী নিয়ে এত গবেষণা করেন? একটা ড্রাগন পর্যন্ত তৈরি করতে পারেন না তাঁরা! অস্ট্রেলিয়ার ছোট মেয়ে সোফি (৭) একটি চিঠি লিখেই বসেছে কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন (সিএসআইআরও) বরাবর। নিজের জন্য একটা পাখাওয়ালা ড্রাগন চেয়ে বিজ্ঞানীদের কাছে সোফির চিঠি পাঠানোর পরই কেবল বিজ্ঞানীদের হুঁশ ফিরেছে। অস্ট্রেলিয়ার জাতীয় বিজ্ঞান সংস্থা ছোট্ট সোফির জন্য একটি আদুরে ড্রাগন তৈরি করে দিতে না পারায় ক্ষমাও চেয়েছে। সোফির চিঠির জবাবে এ ধরনের ক্ষমা চাওয়ার ঘটনা বিরলই বলা চলে। এক খবরে এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ অনলাইন।


অস্ট্রেলিয়ার গবেষকেরা জানিয়েছেন, ড্রাগনের মতো রূপকথার বা কাল্পনিক কোনো প্রাণী নিয়ে তাঁরা ঠিকমতো গবেষণাই করেননি, তাই তারা সোফির জন্য কোনো ড্রাগন উপহার দিতে না পারায় ক্ষমাপ্রার্থী। কিন্তু বিজ্ঞানীরাও তো রক্তমাংসের মানুষ। সোফি যে ভাষায় তার চিঠি লিখেছে তাতে বিজ্ঞানীদের মন গলে যাওয়াটাই স্বাভাবিক। সোফি তার চিঠির সম্বোধনেই লিখেছে, ‘প্রিয় বিজ্ঞানী, আমাকে একটি মেয়ে ড্রাগন তৈরি করে দিলে আমি তার নাম রাখব টুথলেস আর ছেলে হলে নাম রাখব স্টুয়ার্ট। আমার যখন স্কুলে থাকবে না তখন আমি এই ড্রাগনের সঙ্গে খেলা করব আর তাকে কাঁচা মাছ খেতে দেব।’

‘টুথলেস’ নামটি অবশ্য একটি অ্যানিমেশন চলচ্চিত্রের ড্রাগনের নাম। ‘হাউ টু ট্রেইন আ ড্রাগন’ নামের শিশুতোষ ওই চলচ্চিত্রটিতে ড্রাগনের সঙ্গে এক কিশোরের বন্ধুত্ব গড়ে তোলার বিষয়টি দেখানো হয়।
সোফির চিঠি প্রসঙ্গে ৮৭ বছর ধরে কাজ চালিয়ে যাওয়া সিএসআইআরও কর্তৃপক্ষ এক ব্লগ পোস্টে জানিয়েছে, ‘আমরা কিছু বিষয় এড়িয়ে গেছি। আসলে ড্রাগন বলে কিছু তো নেই। ৮৭ বছর ধরে গবেষণা করে আমরা কোনো ড্রাগন বা ড্রাগনের ডিম তৈরি করতে পারিনি। আমরা ড্রাগন বা ফড়িং এবং মিলি ড্রাগন বা এক প্রজাতির টিকটিকি নিয়ে গবেষণা করলেও রূপকথার সেই আগুন-মুখো ড্রাগন তৈরির কথা ভাবিনি। আমরা সত্যিই দুঃখিত।

তবে গবেষকেরা একেবারেই আশাহত করেননি সোফিকে। চিঠির জন্য ধন্যবাদ দিয়ে বিজ্ঞানীরা তাঁকে আশ্বস্ত করেছেন যে, থ্রিডি প্রিন্টারে টাইটেনিয়াম দিয়ে প্রিন্ট করা ‘টুথলেস’ নামের একটি ড্রাগন তৈরির উদ্যোগ নিয়েছেন তাঁরা। আশা করা যায় শিগগিরই থ্রিডি প্রিন্টারে তৈরি টাইটেনিয়ামের এই ড্রাগন সোফির হাতে পৌঁছাবে।