ছড়ার ছন্দে জীবনের জয়গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একেই বলে বন্ধুত্ব: বই লিখে হেপাটাইটিস বি-তে আক্রান্ত সাকলাইনের পাশে দাঁড়িয়েছে দুই সহোদর আহনাফ ও আহবাব
একেই বলে বন্ধুত্ব: বই লিখে হেপাটাইটিস বি-তে আক্রান্ত সাকলাইনের পাশে দাঁড়িয়েছে দুই সহোদর আহনাফ ও আহবাব

ছোট্ট আহনাফ ও আহবাব। দুই সহোদর। দুজনেই ছড়াকার। যা-ই মনে আসে, পটাপট ছন্দে মেলায়। এভাবে জমল অনেক ছড়া। শেষে সব মিলিয়ে বের হলো দুজনের ছড়ার বই ছড়ার মাঝি। এ আর এমন কী? এমন তো হতেই পারে, ছড়া লিখলে বই বেরোতেই পারে। কিন্তু ব্যাপারটা এখানে শেষ নয়, বরং কাহিনির সূত্রপাত মাত্র। এই দুই সহোদরের ছড়ার বই বের হওয়ার পেছনের কারণ অন্য। তাদের ছড়াকারের স্বীকৃতি নয়, এক কিশোরের জীবন বাঁচানোর সংকল্প।
পাঠক, এবার চলুন মূল ঘটনায়, যার নায়ক চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের দশম শ্রেণীর ছাত্র আহমেদ ওয়াহিদ সাকলাইন। মা ওয়াহিদা পারভীন স্বপ্ন বুনছিলেন ছেলের সুন্দর ভবিষ্যতের। কিন্তু সবকিছু ওলট-পালট হয়ে গেল ২০০৯ সালের শুরুর দিকে। জানলেন, ছেলের শরীরে বাসা বেঁধেছে হেপাটাইটিস বি। সাকলাইন তখন সপ্তম শ্রেণীর ছাত্র। চোখের সামনে প্রাণবন্ত ছেলেটি নিস্তেজ হয়ে পড়ছে। দিশেহারা হয়ে পড়েন মা। বাবা সালেহ আহমেদ নিজের সব সম্বল উজাড় করে ঢেলে দিলেন ছেলের চিকিৎসার জন্য। কিন্তু তাতে কুলোয় না। একটি বেসরকারি কোম্পানির সামান্য বেতনের চাকুরের আর কতই বা! এদিকে বাড়তে থাকে সাকলাইনের অসুস্থতা। একপর্যায়ে শয্যাশায়ী হয়ে পড়ল সে। চট্টগ্রামের চিকিৎসকেরা জানালেন, এখানে আর নয়, বিদেশে নিয়ে চিকিৎসা করাতে হবে। কিন্তু এ তো অনেক টাকার ব্যাপার! কী করবেন এই দম্পতি? তবে সাহস হারাননি পারভীন। এবার উদ্যোগী হলেন নিজেই। তাতে কাজ হলো। তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকে। প্রথম দফা চিকিৎসার টাকাও জোগাড় হলো। চিকিৎসা করিয়ে এলেন। এবার দ্বিতীয় দফার সংগ্রাম।
মায়ের পাশে মা

ছড়ার মাঝি বইয়ের প্রচ্ছদ
ছড়ার মাঝি বইয়ের প্রচ্ছদ

চট্টগ্রাম মেট্রোপলিটন কলেজের শিক্ষক ফিরোজা খানম। পত্রিকায় চোখ বোলাতে গিয়ে একদিন চোখে পড়ল সাকলাইনের অসুস্থতার খবর। পড়েই হু হু করে উঠল মন। এমন চটপটে একটা ছেলে এভাবে শেষ হয়ে যাবে? নিজেকে সামলে রাখতে পারলেন না দুই সন্তানের এই জননী। খুঁজে বের করলেন সাকলাইনের ঠিকানা। একদিন বিকেলে এসে হাজির মাদারবাড়ির রেলওয়ে কলোনির বাসায়। কিন্তু এ কী! তাঁর ছোটবেলার বিদ্যালয়ের সহপাঠী পারভীন। কোথায় ছিলেন পারভীন আর কোথায় ফিরোজা। ঘটনাচক্রে আবার দেখা।
আবেগতাড়িত হয়ে পড়লেন দুজনে। সাকলাইনের সঙ্গে আরও নিবিড়ভাবে জড়িয়ে গেলেন ফিরোজা। এবার মাঠে নামলেন তিনি। সাহায্য করলেন তাঁর স্বামী ব্যাংকার শামীম আরিফ। সহযোগিতার হাত বাড়ালেন তাঁর কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
যা অর্থ উঠল, তা তুলে দিলেন পারভীনের হাতে।
এর মধ্যে যুক্ত হলেন আরেক মা সোহেলা রহমান মাহমুদ। নিজে তো দিলেন, স্বামী ও তাঁর অফিসের তহবিল থেকেও সাকলাইনের জন্য টাকার ব্যবস্থা করলেন। প্রায় ছয় লাখ টাকা জোগাড় করলেন তিনি একা। এভাবে সাকলাইনের দ্বিতীয় দফার চিকিৎসাও করানো হলো ভারত থেকে। এবার তৃতীয় দফার চিকিৎসার জন্য প্রয়োজন আরও টাকা। কী করবেন? ফিরোজা। এবার বের করলেন ভিন্ন এক উপায়। ঠিক করলেন তাঁর দুই ছেলে কলেজিয়েট স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র আহনাফ সুলাইমান ও সেন্ট মেরিস স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র আহবাব সুলাইমানের ছড়ার বই বের করে এগুলো বিক্রির টাকা সাকলাইনের চিকিৎসার জন্য খরচ করবেন। কাজে লেগে গেলেন ফিরোজা। ঘটনাটা মাস চারেক আগের।
ছড়ার মাঝি...
চার রঙা প্রচ্ছদের বই। বাচ্চাদের মনকাড়া প্রকৃতির শোভা ছড়িয়ে আছে প্রচ্ছদে। ওপরের দিকে কোনায় ছোট একটি নোট ও ছবি। তাতে লেখা বইটি কার জন্য। তার পাশে লেখা: ‘সাকলাইন বাঁচতে চায়—এই পৃথিবীর আলো-বাতাসে বুকভরে নিঃশ্বাস নিতে চায়। এই খুদে যুগল ছড়াকারের বইটি তাই সাকলাইনকে বাঁচানোর একটি ছোট্ট প্রচেষ্টা। আমরা সবাই যদি একটু এগিয়ে আসি, হাত বাড়াই মমতা ও সহযোগিতার, তবে এই প্রাণবন্ত উচ্ছল কিশোরটিকে অসময়ে পৃথিবী ছেড়ে যেতে হবে না।’
‘সাকলাইন ভাইয়ার’ জন্য কিছু করতে পেরে দুই ভাই এখন বেজায় খুশি। প্রায় সময় ‘ভাইয়াকে’ দেখতে আসে দুজনে।
ফিরোজা জানান, বইটি বের হয় ২০১৩ সালের ১৬ ডিসেম্বর। খরচ হয় ৬৫ হাজার টাকা। টাকার সংস্থান করেছেন কিছু শুভাকাঙ্ক্ষীর সহযোগিতায়। ইতিমধ্যে প্রথম এক হাজার কপি বই বিক্রি হয়ে গেছে। এখান থেকে পাওয়া গেছে এক লাখ ১০ হাজার টাকা, যার পুরো টাকাই ব্যয় হবে সাকলাইনের তৃতীয় দফা চিকিৎসার জন্য। অবশ্য আরও ৫০০ কপি বই ছাপানো হয়েছে। এখন সেগুলোর বিক্রির চেষ্টা চলছে।
এই বই বিক্রির জন্য ফিরোজাকে কম কাঠখড় পোড়াতে হয়নি। নগরের বড় বিদ্যালয়গুলোতে নিজে গিয়েছেন। তারা বই কিনেছে, সারথি হয়েছে এ উদ্যোগের। অবশ্য অনেকের বিদ্রূপও হজম করতে হয়েছে তাঁকে।
বাঁচার লড়াই
এক কামরার ছোট্ট ঘর। এই কামরায় এখন সালেহ-পারভীনের সংসার। আসবাব বলতে একটি খাট, আলমারি, পড়ার টেবিল আর শোকেস। সবখানেই দখল করে আছে সাকলাইনের সাফল্যের নানা স্মারক। শোকেসে রাখা হয়েছে ক্রেস্ট, মেডেল আর পুরস্কারের বই। রচনা, চিত্রাঙ্কন, আবৃত্তি, বিতর্ক, অভিনয়—এসব প্রতিযোগিতায় বিভিন্ন সময় সাকলাইন জিতেছে পুরস্কার। সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে।
২০১২ সালের ডিসেম্বরে ভারতের ওডিশায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চিলড্রেনস ফেস্টিভ্যাল অব পারফর্মিং আর্টস প্রতিযোগিতায় অভিনয়ে তাঁর নাটকের দল প্রথম হয়। চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠন কিডস কালচারাল ইনস্টিটিউটের হয়ে ওডিশায় যায় সাকলাইন। এত কিছুর পর লেখাপড়ায়ও শতভাগ মনোযোগী সাকলাইন। জেএসসিতে পেয়েছে গোল্ডেন জিপিএ-৫। সাকলাইন বলে, ‘মানুষ মানুষের জন্য—এই কথায় আমার এখন পূর্ণ বিশ্বাস। আমি ভালো হয়ে মানুষের জন্য কিছু করতে চাই। এগিয়ে যেতে চাই বহুদূর।’