জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভোট সংগ্রহ
বিজয় দিবসের আয়োজনের অংশ হিসেবে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনের পক্ষে ভোট দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমাজকর্ম বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ভবন-২-এর নিচতলায় সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত এই ভোট সংগ্রহ অনুষ্ঠিত হয়। ভোট প্রদান অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন রেজাউল করিম বলেন ‘বিশ্বের দরবারে সুন্দরবনকে আরও জনপ্রিয় করে তুলতে আমাদের সবার সুন্দরবনের পক্ষে ভোট দেওয়া উচিত। সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান মোস্তফা হাসান বলেন, দেশের সব কটি বিশ্ববিদ্যালয় এ ধরনের কর্মসূচি গ্রহণ করলে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবন আরও অনেকগুণ এগিয়ে যাবে। অনুষ্ঠানে সুন্দরবনের পক্ষে ভোট দিতে এসে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী খোরশেদ আলম বলেন, সুন্দরবনকে ভোট দিতে পেরে আনন্দ লাগছে, এভাবে যদি সবাই একটি করে ভোট দেয়, তাহলে অবশ্যই সুন্দরবন প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে প্রথম হবে। দিনব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠানে পাঁচ শতাধিক ভোট সংগৃহীত হয়েছে। —মোছাব্বের হোসেন