জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল সিএসই উৎসব
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) হয়ে গেল সিএসই উৎসব। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের উদ্যোগে আইটিআরআরসি, হেকেপ প্রকল্পের সহযোগিতায় তিন দিনের এ উৎসবে ছিল নানা আয়োজন। গত সোমবার বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মিলনায়তনে উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. কায়কোবাদ, জবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. অহিদুজ্জামান, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান উজ্জ্বল কুমার আচার্য্য, উৎসবের আহ্বায়ক মো. আবু লায়েকসহ অনেকে। খবর বিজ্ঞপ্তির।অনুষ্ঠানে প্রোগ্রামিং ও প্রকল্প প্রদর্শন বিভাগে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রথম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় আইরিশ দল, দ্বিতীয় একই বিশ্ববিদ্যালয়ের হাইপার-হেক্সাগন দল এবং তৃতীয় হয়েছে রুয়েটের লাল দল। সিএসই বিভাগের প্রকল্প প্রদর্শন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে মো. নাসির উদ্দীন ভূইয়া, হাসান হাফিজ পাশা ও মো. আল-আমিন হোসেন। উৎসবের তৃতীয় দিন অনুষ্ঠিত হয়েছে প্রোগ্রামিং আড্ডা। বিডিওএসএনের উদ্যোগে আয়োজিত আড্ডা পরিচালনা করেন তামিম শাহরিয়ার, তাহমিদ রাফি ও মীর ওয়াসি আহমেদ।