জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভুলে ভরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চারটি অনুষদে মোট ২৮টি বিভাগ আছে। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৩ হাজার। শিক্ষক আছেন ৩৫৭ জন। প্রশাসনিক দপ্তর থেকে এসব তথ্য পাওয়া গেলেও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে চারটি অনুষদে মোট বিভাগের সংখ্যা ২২। শিক্ষার্থীর সংখ্যা ২৭ হাজার এবং শিক্ষকের সংখ্যা ২৭১।ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. হুমায়ূন কবির। কিন্তু প্রকৃতপক্ষে ওই শিক্ষকের পর প্রায় দেড় বছর আগে অধ্যাপক মো. শওকত জাহাঙ্গীর চেয়ারম্যানের দায়িত্ব নেন। পরে তিনি কোষাধ্যক্ষের দায়িত্ব পেলে গত বছর চেয়ারম্যান হন মোহাম্মদ আলী নূর। এ ছাড়া ওয়েবসাইটে অর্থনীতি বিভাগের চেয়ারম্যানের নাম হিসেবে আছে হাবিবুল্লাহ বাহার। কিন্তু বর্তমান চেয়ারম্যান অধ্যাপক মঞ্জুরা বেগম প্রায় দেড় বছর ধরে দায়িত্ব পালন করছেন।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnuni.net) থাকা কিছু ভুল তথ্য আর অসংগতির নমুনা এগুলো। গতকাল সোমবার সন্ধ্যা ছয়টায় সাইটে ঢুকে এসব অসংগতি দেখা যায়। সাইটের বেশির ভাগ সংযুক্তিও (লিংক) কাজ করছে না।প্রাথমিকভাবে কিছু তথ্য দিয়ে শুরু করলেও ওয়েবসাইটটি হালনাগাদ করা হয়নি। ২০০৫ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় দুই বছর পর ২০০৭ সালের ১৮ অক্টোবর নিজস্ব ওয়েবসাইট চালু করে। ওয়েবসাইটের ঠিকানা দেখে বোঝার উপায় নেই, এটি কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট। সাধারণত শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইটের ঠিকানায় ডোমেইন হিসেবে ডট এডু (.edu) ব্যবহূত হয়। কিন্তু এ ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ডট নেট, বাণিজ্যিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটের সঙ্গেই বেশি মানানসই।একটি সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হালনাগাদ রাখতে ও তারহীন ইন্টারনেট চালু করতে মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান কাজী সাইফুদ্দিনকে প্রধান করে গত বছরের ডিসেম্বরে তথ্যপ্রযুক্তি (আইটি) কমিটি গঠন করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির এক সদস্য বলেন, ‘আমরা বেশ কয়েকবার উদ্যোগ নিলেও বিভাগগুলোর অসহযোগিতার কারণে সর্বশেষ তথ্য হালানাগাদ করা যায় না। তা ছাড়া বিশ্ববিদ্যালয়ে তথ্যপ্রযুক্তিবিষয়ক সিস্টেম অ্যানালিস্ট পদটি শূন্য থাকায় এ বিষয়ে অগ্রগতি হচ্ছে না।’তবে আইটি কমিটির সদস্য মো. মিজানুর রহমান দাবি করে বলেন, ‘এই ওয়েবসাইটটি শুধু ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সুবিধা দিতে তৈরি করা হয়েছিল। আমরা নতুন ওয়েবসাইটের কাজ শুরু করেছি। ইতিমধ্যে নতুন নামের ডোমেইন কিনেছি। নতুন সাইটে প্রতিটি বিভাগ নিজেদের তথ্য নিজেরাই হালনাগাদ করে প্রকাশ করতে পারেব। কেন্দ্রীয়ভাবেও নিয়ন্ত্রণ থাকবে।’ তিনি আরও জানান, শিগগিরই বর্তমান এই সাইট বন্ধ করে দেওয়া হবে।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘সময়মতো হালনাগাদ (আপডেট) না করায় অনেক অসংগতি ও ভুল তথ্য আছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, একটি পেশাদার প্রতিষ্ঠান দিয়ে ওয়েবসাইটটির নতুন ডিজাইন করাব। আশা করি, আগামী জুনের ভেতর সব কাজ শেষ হবে।’ —শুভংকর কর্মকার