জগৎ জোড়া তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের আনাচকানাচে ছড়িয়ে আছে হাজারো মেধাবী তরুণ। প্রয়োজন শুধু এ মেধার মূল্যায়ন, প্রয়োজন তাদের অনুপ্রাণিত করা। গত ১৭-১৮ মে সেন্টার ফর ন্যাচারাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চের (সিএনএসইআর) উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত হলো তথ্যপ্রযুক্তির ওপর আন্তর্জাতিক সম্মেলন ‘আইসিআইইভি-১৩’, যার মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের ইনফরমেটিকস, ইলেকট্রনিকস, কম্পিউটার ভিশন এবং এ-সম্পর্কিত বিভিন্ন ক্ষেত্রে গবেষণা এবং এ গবেষণালব্ধ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আইডিয়া প্রদানে উৎসাহিত করা।

আইসিআইইভি ১৩-এর জন্য নির্ধারিত বিষয়গুলোর মধ্যে ছিল ইনফরমেটিকস, আইটি, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, ইলেকট্রনিকস, কম্পিউটার ভিশন, ইমেজ প্রসেসিং, রোবোটিকস, বায়োমেডিকেল সিস্টেম, বায়োমেট্রিকস, নবায়নযোগ্য শক্তি, তথ্য এবং নেটওয়ার্কিং, এনভার্নমেন্টাল ইঞ্জিনিয়ারিং, যোগাযোগব্যবস্থা ইত্যাদি।

প্রথমে অনলাইনে গবেষণাপত্র আহ্বান করা হয়। জমা পড়ে ৩৬টি দেশের ৩৯৩টি পেপার। এগুলোর মধ্যে বিজ্ঞ বিচারক প্যানেলের চুলচেরা বাছবিচারে চূড়ান্ত হয় ২২৬টি। ওরাল প্রেজেন্টেশন বা মৌখিক উপস্থাপনা এবং সক্রিয় পোস্টার সেশনের মাধ্যমে বর্ণিত বিষয়গুলো প্রাণবন্ত হয়ে ওঠে। এভাবেই বিভিন্ন বিষয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন এবং আলোচনার সমন্বয় ঘটিয়ে জ্ঞান-বিজ্ঞানের প্রচার এবং প্রসারে তরুণ গবেষকদের দিকনির্দেশনা দেয় আইসিআইইভি।

বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, আইইউটিসহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ জন শিক্ষার্থী তাঁদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে সেরাদের দেওয়া হয় বেস্ট পেপার পুরস্কার এবং বেস্ট প্রেজেন্টার পুরস্কার।

কথা হলো বেস্ট পেপার পুরস্কারপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞানের স্নাতকের শিক্ষার্থী মাহামুদুল ইসলামের সঙ্গে। তিনি জানান, ‘এত বড় মাপের আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র প্রেজেন্টেশন করতে পেরেই খুশি ছিলাম, পুরস্কার পাওয়ার পর আরও খুশি লাগছে। দেশের বিশ্ববিদ্যালয়পড়ুয়া গবেষকদের জন্য আইসিআইভি সত্যিই অসাধারণ এক প্ল্যাটফর্ম।’

সম্মেলনে আরও ছিল বিভিন্ন রকমের প্রজেক্ট প্রদর্শনী। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের চন্দ্রবোট-২, এআইইউবির বানানো রোবট, বুয়েটের বানানো বিটিআরসির প্রজেক্টও প্রদর্শিত হয় এ সম্মেলনে।

দেশের বিজ্ঞানশিক্ষার প্রসারে সম্মেলনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমন্ত্রিত বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। ঢাকায় এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করাটা দেশের জন্য সত্যিই গৌরবের।

দ্বিতীয়বারের মতো আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক মো. আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্যের নর্থামব্রিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলমগীর হোসেন ও জাপানের ওকাইয়ামা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কেনেইচি কানাতানি। এ ছাড়া বক্তব্য দেন মালয়েশিয়ার কেবাংসান মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নওশাদ আমিন, অধ্যাপক মো. তারিকুল ইসলাম, জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. খায়রুল বাশার, এম এ এস কামাল প্রমুখ। এ সম্মেলনের কারিগরি সহযোগিতা প্রদান করেছে বিশ্বের কয়েকটি খ্যাতনামা প্রতিষ্ঠান— আইইইই, ওএসএ, এসআইসিই।