ইন্টারনেটের মাধ্যমে জগৎ দেখার প্রত্যয় ব্যক্ত করে ৮ অক্টোবর গাইবান্ধা আসাদুজ্জামান গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে গ্রামীণ ফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব অনুষ্ঠিত হয়। জেলার দশটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯৬ জন প্রতিযোগী এতে অংশ নেয়। প্রতিযোগিতা ছাড়াও নানান প্রশ্ন ছুড়ে দেওয়া হয় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে: ইন্টারনেটের আবিষ্কারক কে, মানুষের দেহে সবচেয়ে বড় হাড় কোনটি, গীতাঞ্জলি কার লেখা, মঙ্গল গ্রহে কয়টি উপগ্রহ—এমন সব প্রশ্ন। এসব প্রশ্নের বিজয়ীরাও সুযোগ পায় আই-জিনিয়াস প্রতিযোগিতায় অংশ নেওয়ার। আই-জিনিয়াস প্রতিযোগিতায় আটটি রাউন্ড থেকে আটজন বিজয়ী হয়। এই আটজন প্রতিযোগী থেকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয় গাইবান্ধা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর (বিজ্ঞান) শিক্ষার্থী শফিকুর রহমান সিফাত। সিফাত তার অনুভূতি ব্যক্ত করে বলে, ‘প্রথমে আই-জিনিয়াস প্রতিযোগিতায় অংশ নিতে ভয় পাচ্ছিলাম। অংশ নিয়ে আমার মধ্যে ইন্টারনেট-ভীতি কেটে গেছে। জেলা পর্যায়ে আই-জিনিয়াস নির্বাচিত হয়েছি, আমি গাইবান্ধা থেকে জাতীয় উৎসবে অংশ নেব, এটা আমার ও গাইবান্ধাবাসীর জন্য বড় পাওয়া। ভাবতেই ভালো লাগছে।’ আই-জিনিয়াস প্রতিযোগিতায় অংশ নেওয়া কজন শিক্ষার্থীর সঙ্গে কথা হয়। আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী নিঝুম বলল, ‘ইন্টারনেটে হাতের ছোঁয়ায় চোখের সামনে পৃথিবী ভেসে আসে জানতাম না। ইন্টারনেট উৎসবে এসে যেন জগৎটাকে নতুন করে দেখলাম।’ আসাদুজ্জামান গার্লস স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী সানজিদা আক্তার বলল, ‘বিদ্যালয়ে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি, কম্পিউটার ও ইন্টারনেট সম্পর্কে ধারণা নেওয়ার তেমন সুযোগ পাই না। গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব আমার চোখ খুলে দিল।’আই-জিনিয়াসের প্রতিযোগী আসাদুজ্জামান স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী ফারহানা আক্তার বলল, ‘নিজের প্রতিষ্ঠানেই ইন্টারনেট সম্পর্কে অনেক অজানা তথ্য জানলাম।’ দশম শ্রেণীর শিক্ষার্থী ছাবিকুন নাহার বলল, ‘আমরা সকাল-বিকেল পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকি। আগে ইন্টারনেট বিষয়ে জানার সুযোগ পাইনি। কিন্তু এবার সবই একসঙ্গে ঘটল আমাদের স্কুলে। এটা বড় পাওয়া।—শাহাবুল শাহীন