জঙ্গলে হারিয়ে গেলে যেভাবে উদ্ধার হবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্টুন
কার্টুন

প্রথমেই আপনাকে আগুন জ্বালাতে হবে। আগুন জ্বালানোর জন্য দুটো শুকনা কাঠি নিন। একটা কাঠির সঙ্গে আরেকটা কাঠি ঘষতে থাকুন। একসময় কাঠি থেকে আগুনের ফুলকি বের হবে। সেই ফুলকিতে ফুঁ দিয়ে দিয়ে আগুনটা বড় করে জ্বালিয়ে নিন।

বেঁচে থাকতে হলে আপনার দরকার ক্যালরি। ক্যালরি আসবে খাদ্য থেকে। তাই আপনার দরকার খাদ্য। এ জন্য একটা ফাঁদ পাতুন। বন্য প্রাণীদের চলাচলের পথে সেই ফাঁদটি বসিয়ে দিন। একসময় ফাঁদে কিছু আটকা পড়বে। সেটাকে ভালো করে ধুয়ে আগুনে ঝলসে খেয়ে ফেলুন। বন্য প্রাণীতে প্রচুর প্রোটিন থাকে।

পানি ছাড়া আপনি এক দিনও বাঁচতে পারবেন না। তাই আপনার দরকার বিশুদ্ধ পানি। এর জন্য পাশের কোনো কূপ বা জলাশয় থেকে পানি সংগ্রহ করে সেটাকে আগুনে ফুটিয়ে নিন। তারপর পান করুন।

নিরাপদে রাত কাটানোর জন্য আপনার দরকার একটা ভালো আস্তানা। এর জন্য বাঁশ-খড়কুটো দিয়ে মাটি থেকে হালকা ওপরে একটা আস্তানা বানাতে হবে। আস্তানা বানানো হলে সেটাতে শুয়ে পড়ুন। পাশে আগুন জ্বালিয়ে রাখুন, যাতে বন্য প্রাণীরা কাছে না আসে।

উদ্ধার হওয়ার জন্য আপনাকে সংকেত পাঠাতে হবে। এ জন্য তিন জায়গায় আগুন দিয়ে একটা ত্রিভুজের মতো বানান। আগুনে কাঁচা লতাপাতা দিয়ে কালো ধোঁয়া তৈরি করুন, যাতে ওপর দিয়ে কোনো হেলিকপ্টার গেলে সেটা তাদের চোখে পড়ে।

এভাবে তিন-চার দিন কাটান। তারপর ব্যাগ থেকে মুঠোফোন বের করে ফোন দিয়ে বলুন, ‘আম্মা, জলদি গাড়ি পাঠাও। আমি অমুক জায়গায়। আমার সারভাইবালের শখ মিটে গেছে।’