স্কটিশ রাজকোষাগারের প্রধানের ছেলে বলে কথা। স্কটল্যান্ডের নেপিয়ার বংশের জমিদারি, বংশমর্যাদা, সামাজিক প্রতিপত্তির শত বছরের শাসনের ইতিহাসের মাঝে তাঁর জন্ম। যে কেউ এমন ছেলেকে ভবিষ্যতের জমিদার বলবেই। কিন্তু ছেলেটি পৃথিবীর ইতিহাসে জমিদার কিংবা শাসক হিসেবে সম্মাননা পাননি, একজন গণিতবিদ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আছেন জ্ঞান-বিজ্ঞানের গণিতের ভুবনে। ষোলো শতকের বিখ্যাত গণিতবিদ, জ্যোতির্বিদ, পদার্থবিজ্ঞানী জন নেপিয়ার ১৫৫০ সালে এডিনবরাতে জন্মগ্রহণ করেন। গণিতের ভুবনের আকর্ষণীয় অংশ লগারিদমের প্রবক্তা হিসেবে তিনি স্মরণীয়। সাধারণ হিসাবের জন্য তিনি লগারিদম প্রবর্তন করেন। ভ্রমণপিপাসু হওয়ার কারণে শৈশবে স্কুলের পড়াশোনার ধারকাছ দিয়েও যাননি জন নেপিয়ার। বাবা-চাচার চাপে তাঁকে ফরাসি ভাষার স্কুলে ভর্তি করানো হয়। জন ১৫৬৩ সালে সেন্ট অ্যান্ড্রউস বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্যালভাদর কলেজ থেকে পড়াশোনা শেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এ সময়েই তিনি ধর্মতত্ত্ব নিয়ে আগ্রহী হয়ে ওঠেন। ধারণা করা হয়, প্যারিস বিশ্ববিদ্যালয়ে কিংবা ইতালি ও নেদারল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময়েই তিনি গণিত ও জ্যোতির্বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হয়ে ওঠেন। ১৫৭৪ সালে জন নেপিয়ার তাঁর পৈতৃক জমিদারিতে মনোনিবেশ করেন। তিনি মার্কিস্টাউনের অষ্টম লেয়ার্ড বা ভূশাসক ছিলেন। বলা হয়ে থাকে, জমিদারির হিসাবনিকাশ ও কর্মব্যস্ততার কারণেই জন নেপিয়ার পরিপূর্ণ গণিতবিদ হয়ে ওঠেন। ফসলি জমি চাষে সারের যথাযথ প্রয়োগ নিয়ে অনেক গবেষণা করেন। ১৫৯৩ সালে জন ধর্মতত্ত্বের ওপর তাঁর প্রথম বই এ প্লেইন ডিসকভারি অব দ্য রেভল্যুশন অব সেন্ট জন প্রকাশ করেন। এ গ্রন্থে হিসাবনিকাশ করে তিনি পৃথিবী ধ্বংসের সাল নির্ণয় করেন! তাঁর মতে, ১৬৮৮ বা ১৭০০ সালে পৃথিবী ধ্বংস হবে। শৌখিন গণিতবিদ জন নেপিয়ার লগারিদম ছাড়াও সংখ্যাতত্ত্ব নিয়ে গবেষণা করেন। গাণিতিক হিসাবনিকাশের জন্য তিনি ৎবডোলগিয়া গ্রন্থ প্রকাশ করেন। এর মাধ্যমে তিনি অ্যাবাকাস দিয়ে বর্গমূল ও ঘনমূল নির্ণয় করার বিখ্যাত ‘নেপিয়ারস বোন’ উদ্ভাবন করেন। হাতির দাঁত বা গজদন্ত দিয়ে তৈরি বলেই এ উদ্ভাবনের নামকরণ এরূপ হয়। বিভিন্ন জীবনী গ্রন্থ থেকে জানা যায়, নেপিয়ার ত্রিকোণমিতির বিভিন্ন ফাংশনের প্রতি আগ্রহী ছিলেন। ১৬১৪ সালে তিনি ডিসক্রিপশন অব দ্য ওয়ান্ডারফুল অব লগারিদমস গ্রন্থ প্রকাশের মাধ্যমে লগারিদমের ধারণা প্রথম প্রতিষ্ঠা করেন। এই বইয়ের ৫৭টি পৃষ্ঠায় ছিল লগারিদমের ওপর সাধারণ আলোচনা এবং সংযুক্তি হিসেবে ছিল ৯০ পৃষ্ঠার একটি লগারিদম সারণি। তাঁর প্রকাশিত লগারিদম বর্তমানে প্রচলিত লগারিদমের মতো ছিল না। বর্তমানে বীজগণিতনির্ভর লগারিদমের প্রচলন থাকলেও জন নেপিয়ারের সময় বীজগণিত উন্নত ছিল না। তিনি জ্যামিতিক প্রকাশের মাধ্যমে লগারিদমের উদ্ভাবন করেন। ইংরেজ গণিতবিদ হেনরি ব্রিগসের সহায়তায় তিনি গাণিতিক ধ্রুবক e-এর মান সংশোধন করেন। জন নেপিয়ার দশমিক চিহ্নের মাধ্যমে ভগ্নাংশ প্রকাশের পদ্ধতির উন্নয়ন করেন। গণিতের ভুবনে জন নেপিয়ারের অবদানের স্বীকৃতিস্বরূপ তড়িৎ প্রকৌশলবিদ্যায় শব্দ মাত্রার একক ডেসিবলের পরিবর্তে ‘নেপার’ রাখা হয়েছে। চাঁদের একটি আগ্নেয়গিরির জ্বালামুখের নামকরণও করা হয়েছে নেপার নামে। ১৬১৭ সালে গণিতবিদ জন নেপিয়ার মৃত্যুবরণ করেন।জাহিদ হোসাইন