জন ম্যাকাফি অ্যান্টিভাইরাস থেকে চলচ্চিত্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তির ইতিহাসে বর্ণিল, রহস্যময় একজন মানুষ জন ম্যাকাফি। একদিকে নতুন নতুন উদ্ভাবন আর অন্যদিকে বিশ্বের ভয়ংকর সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক তাঁর। রোমাঞ্চপ্রিয় ম্যাকাফির জীবনের কাহিনি হলিউডের চলচ্চিত্রের জন্য মানানসই। সম্প্রতি এক খবরে হাফিংটন পোস্ট জানিয়েছে, জন ম্যাকাফির জীবন নিয়ে চলচ্চিত্র নির্মাণের অনুমতি মিলেছে। জন ম্যাকাফি তার জীবনী-স্বত্ব বিক্রি করেছেন। মন্ট্রিল ভিত্তিক টেলিভিশন প্রযোজক ইমপ্যাক্ট ফিউচার মিডিয়া তাঁর জীবনী-স্বত্ব কিনেছে। এ প্রতিষ্ঠানটি নির্মাণ করতে যাচ্ছে ‘রানিং ইন দ্য ব্যাকগ্রাউন্ড: অ্যা ট্রু স্টোরি অব জন ম্যাকাফি’ নামের একটি চলচ্চিত্র। বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যান্টিভাইরাস সফটওয়্যার ম্যাকাফির প্রতিষ্ঠাতা জন ম্যাকাফি বর্তমানে গুয়াতেমালায় জেলে আটক রয়েছেন। সম্প্রতি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট এক খবরে জানিয়েছে, গুয়াতেমালার জেল থেকে শিগগিরই ছাড়া পাচ্ছেন এ প্রযুক্তি-মুঘল। জেল থেকে ছাড়া পেয়ে যুক্তরাষ্ট্রে আবারও ফিরতে চান ও স্বাভাবিক জীবনযাপন করতে চান ৬৭ বছর বয়সী এ প্রযুক্তি উদ্যোক্তা। গুয়াতেমালায় আটক হওয়ার আগে বেলিজে বাস করতেন তিনি। মার্কিন নাগরিক গ্রেগরি ফাউলকে খুনের দায়ে মধ্য আমেরিকার দেশ বেলিজের পুলিশ জন ম্যাকাফিকে সন্দেহ করে। তবে এমন অভিযোগ অস্বীকার করে আত্মগোপন করেন জন ম্যাকাফি। পরে তাঁকে গুয়াতেমালার পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করে। উল্লেখ্য, জন ম্যাকাফির সঙ্গে বর্তমানে ম্যাকাফি অ্যান্টিভাইরাস প্রতিষ্ঠানটির কোনো সম্পর্ক নেই। ১৯৯০ সালের শুরুর দিকে তিনি ম্যাকাফি বিক্রি করে দেন। চার বছর আগে থেকে তিনি বেলিজে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। তাঁর বিরুদ্ধে মাদক তৈরি, সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্কসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।তাঁর সম্পর্কে জানা যায়, রোমাঞ্চ প্রত্যাশী জন ম্যাকাফি ছোটবেলা থেকেই নতুন নতুন উদ্ভাবন নিয়ে কাজ করতে ভালোবাসতেন। নব্বই দশকের পর তাঁর আচরণে খামখেয়ালিপনা দেখা দেয়। বিক্রি করে দেন ম্যাকাফি। তারপর প্রযুক্তি জগত্ থেকে দূরে সরে যেতে থাকেন। যুক্তরাষ্ট্র থেকে চলে যান বেলিজে। সেখানে তাঁর সম্পর্ক গড়ে ওঠে এ অঞ্চলের বিখ্যাত মাদক চোরাচালানকারী আর সন্ত্রাসীদের সঙ্গে। এ সময় তিনি ভয়ংকর মাদক তৈরির চেষ্টা করছিলেন। এসব তথ্য তিনি নিয়মিত ব্লগ পোস্টের মাধ্যমে সবার সামনে এনেছিলেন।কম্পিউটার জগত্ থেকে অনেকদিন ধরেই বিচ্ছিন্ন ছিলেন জন ম্যাকাফি। ক্রমাগত বাড়ছিল তার খাম খেয়ালি আচরণ। বেলিজ আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত সন্ত্রাসীদের সঙ্গে ওঠা বসার কথা বলেছিলেন ম্যাকাফি নিজেই। একা একা বেলিজে বাস করার সময় বাণিজ্যিকভাবে বাজারজাতকৃত বাথ সল্ট থেকে সাইকো-অ্যাকটিভ ড্রাগ তৈরি চেষ্টা করছিলেন তিনি। বন্ধু এবং কম্পিউটার জগত্ থেকে ম্যাকাফির বিচ্ছিন্ন হয়ে পড়বার কারণ হিসেবে অনেকেই চিহ্নিত করছেন তার মাদকাসক্তি। ম্যাকাফির পুরোনো সহকর্মী এবং বন্ধুদের অনেকেই জানিয়েছেন, নারীদের মধ্যে যৌন উদ্দীপনা বাড়াতে পারে এমন মাদকের প্রতি অনেক দিন ধরেই কৌতূহল ছিল ম্যাকাফির। পছন্দের নারীকে সঙ্গিনী হিসেবে পাবার জন্য লেগে থাকতেন তিনি। তার অল্পবয়সী অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। জানা গেছে, বেলিজে নিজ বাসস্থানে একটি স্বয়ংসম্পূর্ণ কেমিক্যাল ল্যাব দাঁড় করিয়েছিলেন আশির দশকে লকহিড মার্টিনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার জন ম্যাকাফি।ম্যাকাফি বলেন, ‘ম্যাকাফি অ্যান্টিভাইরাস হঠাত্ই তৈরি করে ফেলেছিলেন তিনি। জীবনে আর দশটা সাধারণ দুর্ঘটনার মতোই এই অ্যান্টিভাইরাস তৈরির ঘটনাটা ঘটেছিল।’পাকিস্তানি ব্রেইন নামের এক কম্পিউটার ভাইরাস কম্পিউটারের ফ্লপি ডিস্কের গতি কমিয়ে দিতে শুরু করলে ম্যাকাফি এ সমস্যার সমাধান করেন এবং এ সমস্যা দূর করতে সফটওয়্যার তৈরির জন্য কাজ শুরু করেন। ১৯৯২ সালে ‘মাইকেল অ্যাঞ্জেলো’ নামের ভাইরাসের বিরুদ্ধে ম্যাকাফি অ্যান্টিভাইরাসের ব্যাপক সফল হলে ম্যাকাফি সারাবিশ্বে পরিচিতি পান। ১৯৯৪ সালে তার আগ্রহ দেখা দেয় যোগ ব্যায়ামে।বর্তমানে গুয়াতেমালার জেলে বন্দী জন ম্যাকাফি সম্প্রতি জানিয়েছেন, আমি আবারও মিয়ামিতে ফিরে যেতে চাই। ফিরে পেতে চাই স্বাভাবিক আগের জীবন।