জন লেননের জন্মদিনে গুগল
বিশ্বের জনপ্রিয় ব্যান্ড বিটলসের তারকাশিল্পী জন লেননেন ৭০তম জন্মদিন ছিল গতকাল ৯ অক্টোবর। এ উপলক্ষে জনপ্রিয় সার্চ ইঞ্জিন নিজেদের লোগোতে এনেছে পরিবর্তন। তুমুল জনপ্রিয়তা পাওয়া এ শিল্পীর সম্মানার্থে গুগলের এ লোগোটি বিশেষভাবে সাজানো হয়েছে। সুন্দরভাবে সাজানো এ লোগোটিতে ক্লিক করলেই ৩২ সেকেন্ডের একটি জনপ্রিয় গানের শব্দ শোনা যায়। এ ছাড়া লোগোটিতে ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবের মতো করে বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। বিভিন্ন সময়ে জনপ্রিয় বিভিন্ন ব্যক্তি কিংবা বিশেষ দিনের জন্য নিজেদের লোগো পরিবর্তন করে গুগল। গত ১২ বছরে বিভিন্ন উপলক্ষে গুগল প্রায় ৯০০ লোগো তৈরি করেছে! এখন পর্যন্ত পরিবর্তিত লোগোর মধ্যে লেননের জন্মদিন উপলক্ষে তৈরি লোগোটি বিশেষ জায়গায় রয়েছে। এর আগে গুগল সাধারণভাবে লোগো তৈরি করলেও বর্তমানে তাতে কিছু পরিবর্তন আনছে। এর আগে জনপ্রিয় গেম প্যাকম্যানের ৩০তম জন্মদিনে গুগল প্রথমবারের মতো ব্যতিক্রমী লোগো তৈরি করে। যার মধ্যে লোগোতেই গেমস খেলার সুযোগ ছিল। তবে এ নিয়ে সমালোচনার মুখে পড়েছিল গুগল। প্যাকম্যানের লোগো প্রকাশের পর বিশ্বের বিভিন্ন দেশের কর্মস্থলে নিয়োজিত কর্মীদের ৫০ লাখ ঘণ্টা অপচয় হয়েছে এবং ক্ষতি হয়েছে প্রায় ১২ কোটি টাকা! তার পরও বিভিন্ন উপলক্ষে তৈরি গুগলের এসব লোগো জনপ্রিয়তার দিক দিয়ে ব্যবহারকারীদের পছন্দের শীর্ষে রয়েছে। সর্বশেষ গুগল নিজেদের এক যুগ পূর্তিতে লোগোতে একটি জন্মদিনের কেক তৈরি করেছিল। —দ্য টেলিগ্রাফ অবলম্বনে নুরুন্নবী চৌধুরী