জনতা টাওয়ারে এসটিপির কাজ দ্রুত শেষ করার তাগিদ
ঢাকার কারওয়ান বাজারের পরিত্যক্ত জনতা টাওয়ারকে দেশের প্রস্তাবিত সফটওয়্যার টেকনোলজি পার্কে (এসটিপি) রূপান্তরের কাজ দ্রুততার সঙ্গে এগিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে তাগিদ দিলেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। তিনি গতকাল বুধবার কারওয়ান বাজারে প্রস্তাবিত সফটওয়্যার টেকনোলজি পার্ক পরিদর্শন করেন। এ সময়তিনি এ তাগিদ দেন। গত বছরের আগস্ট মাসে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের সভায় এই ভবনকে তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নয়নের জন্য এসটিপি হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত হয়। এরপর নয় মাসে সেটি আইসিটি মন্ত্রণালয়কে বরাদ্দ দেওয়া হয়। সেখানে বর্তমানে গণপূর্ত বিভাগ, যৌথ নদী কমিশন ও পার্বত্য ভূমি বোর্ডের অফিস রয়েছে। পরিদর্শনকালে জানানো হয়, ইতিমধ্যে উপরোক্ত তিনটি সংস্থাকে অন্যত্র অফিস বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমানে সেখানে মৌলিক অবকাঠামো উন্নয়নের কাজ করছে গণপূর্ত বিভাগ। এর মধ্যে রয়েছে ভবনের উন্মুক্ত তলাগুলোর কাজ সম্পন্ন করা, টাইলস স্থাপন, প্রতিটি তলায় দরজা-জানালাসহ বৈদ্যুতিক সংযোগ প্রদান, দুটি সুপরিসর লিফট স্থাপন, ৮০০ কেভিএর একটি সাবস্টেশন ও ২০০ কেভিএর একটি জেনারেটর স্থাপন। গণপূর্ত দপ্তরের আওতায় এই কার্যক্রম সম্পন্ন হচ্ছে। প্রতিমন্ত্রী পরিদর্শনের সময় জানান, প্রাথমিক ভৌত অবকাঠামো বিনির্মাণের পাশাপাশি ভবনটিকে একটি পরিবেশবান্ধব সবুজ ভবনে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে। পার্ক প্রতিষ্ঠার পর সেটিকে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে পরিচালনা করা হবে। ১৮ জানুয়ারি হাইটেক পার্ক কর্তৃপক্ষের নির্বাহী কমিটির সভায় জনতা টাওয়ারে এসটিপি গঠনের বেসরকারি অংশীদারিত্বের বিষয়ে আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে আগ্রহপত্র (ইওআই) আহ্বানের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. আনওয়ারুল হক, পরিচালক এ এন এম শফিকুল ইসলাম, গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোফাক্কারুল ইসলাম, আইসিটি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান, বেসিসের মহাসচিব ফোরকান বিন কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন। —নিজস্ব প্রতিবেদক