জনপ্রিয় হচ্ছে উইন্ডোজ ৮.১

মাইক্রোসফটের পিসি অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮.১ বাজারে আসার এক বছর পর কিছুটা জনপ্রিয়তা পেতে শুরু করেছে। ওয়েব তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান নেট অ্যাপ্লিকেশনের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে উইন্ডোজ ৮.১ নির্ভর পিসি ব্যবহারের সংখ্যা ১০.৯ শতাংশে পৌঁছেছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট এক খবরে এ তথ্য জানিয়েছে।
সেপ্টেম্বর মাসে উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমের উপস্থিতি ছিল ৬.৭ শতাংশ পিসিতে।
নেট অ্যাপ্লিকেশনের তথ্য অনুযায়ী, উইন্ডোজ ৮.১ জনপ্রিয় হতে শুরু করলেও এখনো অপারেটিং সিস্টেমের জনপ্রিয়তায় শীর্ষে রয়েছে উইন্ডোজ ৭। ৫৩.১ শতাংশ কম্পিউটারে ব্যবহৃত হচ্ছে এই অপারেটিং সিস্টেম। অন্যদিকে মাইক্রোসফটের পক্ষ থেকে অফিশিয়াল আপডেট সরবরাহ বন্ধ হলেও ১৭.২ শতাংশ পিসিতে ব্যবহৃত হচ্ছে এক যুগ আগের উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম।
এসেছে ‘উইন্ডোজ ১০’
এ বছরের সেপ্টেম্বর মাসে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ ‘উইন্ডোজ ১০’-এর ঘোষণা দিয়েছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট। ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে একটি অনুষ্ঠানে উইন্ডোজ ৮-এর পরবর্তী সংস্করণ হিসেবে উইন্ডোজ ১০-এর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, উইন্ডোজ ১০ সংস্করণটি মোবাইল ফোন, ট্যাবলেট, পিসি, এক্সবক্স গেম কনসোলসহ বিভিন্ন ধরনের পণ্যেই চলবে। একটি একক অ্যাপ্লিকেশন স্টোর থেকে উইন্ডোজের বিভিন্ন অ্যাপ্লিকেশন কিনতে পাওয়া যাবে।
বর্তমানে বিশ্বে ১৫০ কোটিরও বেশি পণ্যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহৃত হচ্ছে।
বাজার গবেষকেরা বলছেন, উইন্ডোজকে জনপ্রিয় করতে এখন রীতিমতো হিমশিম খেতে হচ্ছে মাইক্রোসফটকে। অ্যাপল আর গুগলের কল্যাণে ব্যবহারকারীদের অন-স্ক্রিন জীবনে একচ্ছত্র আধিপত্য এখন আর মাইক্রোসফটের নেই। গার্টনারের তথ্য অনুযায়ী, এক দশক আগে ব্যক্তিগত কম্পিউটার থেকে ভারচুয়াল জগতে যে একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছিল মাইক্রোসফট এখন মাত্র ১৪ শতাংশ পণ্যে শুধু উইন্ডোজ ব্যবহৃত হচ্ছে।
বাজার বিশ্লেষকেরা বলেছেন, আগামী বছর নাগাদ উইন্ডোজ ১০ বাজারে আসতে পারে।
আরও পড়ুন: ৮-এর পর ১০ কেন?