জনপ্রিয় হচ্ছে ‘মিনি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় আকারের স্মার্টফোন ও ফ্যাবলেটের বাজার ঘুরে যাচ্ছে মিনি স্মার্টফোনের দিকে।বাজার বিশ্লেষকেরা বলছেন, সাশ্রয়ী দামের কারণে পরবর্তী জনপ্রিয় চল হবে মিনি স্মার্টফোন। এক খবরে এ তথ্য জানিয়েছে সিএনএন।আজকাল স্মার্টফোন কেনা খানিকটা জুতো কেনার মতোই হয়ে দাঁড়িয়েছে। স্মার্টফোন কিনতে গেলে অনেকের মাথায় এখন ঘুরপাক খায় চার ইঞ্চি, সাড়ে চার নাকি পাঁচ ইঞ্চি স্ক্রিনের স্মার্টফোন কিনলে ভালো হবে? এ প্রশ্নের উত্তর দিয়েছেন বাজার গবেষকেরা। তাঁরা বলছেন, বেশ কয়েক বছর ধরেই বিখ্যাত ব্র্যান্ডের সব স্মার্টফোনগুলোর ডিসপ্লে বড় হচ্ছে ও এর রেজুলেশন বাড়ছে। কিন্তু বড় মাপের এই স্মার্টফোন বা ফ্যাবলেটগুলোর দাম তুলনামূলকভাবে বেশি। বেশি দামের বড় আকারের স্মার্টফোনের বাজার বদলাতে শুরু করেছে। প্রায় একই রকম সুবিধার সাশ্রয়ী দামের মিনি সংস্করণের মুঠোফোন কিনছেন ক্রেতারা।বাজার গবেষকেরা জানিয়েছেন, স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্যামসাং ও ব্ল্যাকবেরি তাদের জনপ্রিয় স্মার্টফোনগুলোর মিনি সংস্করণ বের করেছে। ধারণা করা হচ্ছে, শিগগিরই অ্যাপল ও এইচটিসি ব্র্যান্ডের স্মার্টফোনেরও মিনি সংস্করণ বাজারে আসবে। যুক্তরাষ্ট্রের বাজার গবেষকেরা বলছেন, সাম্প্রতিক সময়ে উন্নত দেশগুলোতে বেশি দামের স্মার্টফোন বিক্রির হার কিছুটা কমতে শুরু করেছে। ম্যাকুয়ার সিকিউরিটিজের বাজার বিশ্লেষক কেভিন স্মিথেন এ প্রসঙ্গে জানিয়েছেন, উন্নত দেশগুলোতে স্মার্টফোন বিক্রি কমতে শুরু করলেও উন্নয়নশীল দেশগুলো স্মার্টফোনের জন্য বড় বাজার হবে। স্বল্প দামে স্মার্টফোন ব্যবহারের সুবিধা থাকায় দামি স্মার্টফোনগুলোর কমদামি মিনি সংস্করণ এ অঞ্চলগুলোতে জনপ্রিয় হবে।ফরেস্টারের বিশ্লেষক সারাহ রটম্যান জানিয়েছেন, স্মার্টফোন কেনার ক্ষেত্রে দাম যতটা প্রভাব ফেলে স্মার্টফোনের আকার ততটা নয়।ডিসপ্লের দাম কমে আসলে ছোটো আকারের স্মার্টফোনগুলোর দাম কমে আসবে এবং মানুষ মিনি স্মার্টফোনে আগ্রহী হবে বলেই গবেষকেরা ধারণা করছেন।