জনপ্রিয় হলেও ঝুঁকিমুক্ত নয়

আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে খুব জনপ্রিয় একটি অ্যাপ ডাউনলোড করলেও নিরাপত্তার দিক থেকে পুরোপুরি ঝুঁকিমুক্ত নন। মার্কিন গবেষকেরা এ কথা বলছেন। অ্যান্ড্রয়েড সফটওয়্যার চালিত মোবাইল ফোনে গুগলের প্লে স্টোর থেকে ডাউনলোড করা জনপ্রিয় অ্যাপগুলোর মধ্যে প্রায় ৯ শতাংশ অ্যাপ বিভিন্ন ওয়েবসাইটের সঙ্গে যুক্ত করা থাকে, যা ব্যবহার করা হলে নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তাবিষয়ক ঝুঁকি তৈরি করে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া-রিভারসাইডের করা এক গবেষণায় এ তথ্য জানা গেছে। গতকাল সোমবার আইএএনএসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
অ্যাপ নিরাপত্তার ঝুঁকি নির্ণয়ে যুক্তরাষ্ট্রের ওই বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা একটি সফটওয়্যার তৈরি করছেন, যা কোনো অ্যাপ ডাউনলোডের আগে এর ঝুঁকির বিষয়ে ব্যবহারকারীকে তথ্য জানাবে।
গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড হওয়া জনপ্রিয় ১৩ হাজার ৫০০ অ্যাপ্লিকেশন নিয়ে গবেষণা চালান মার্কিন গবেষকেরা। এসব অ্যাপের মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যম, কেনাকাটা, সংবাদ ও বিনোদনের বিভিন্ন অ্যাপ রয়েছে।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া-রিভারসাইডের বোর্নস কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার সায়েন্সের অধ্যাপক মিকালিস ফ্লাউটসস বলেন, অ্যাপ যদিও জটিল ওয়েবসাইটের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকে এবং অ্যাপ ও ওয়েবসাইটের আয় নিশ্চিত হয়, তবে অধিকাংশ ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী তাঁদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার বিষয়টি জানেন না।
ফ্লাউটসস বলেন, অধিকাংশ মানুষ মনে করেন, অ্যাপ জনপ্রিয় আর বড় প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করার মানে সেটি নিরাপদ। এ ধারণা ঠিক নয়।
অ্যাপের ঝুঁকির বিষয়টি নিশ্চিত করতে অ্যান্ড্রয়েড ইউআরএল রিস্ক অ্যাসেসর (এইউআরএ) নামের একটি সফটওয়্যার তৈরি করেছেন তাঁরা। এ টুল ব্যবহার করে তাঁরা দেখেছেন, সাড়ে ১৩ হাজার অ্যাপসে আড়াই লাখের বেশি ওয়েবসাইট যুক্ত রয়েছে। পরীক্ষায় দেখা গেছে, ৯ শতাংশ জনপ্রিয় অ্যাপ ক্ষতিকর বা ঝুঁকিপূর্ণ ওয়েবসাইটে নিয়ে যায়। এ ধরনের ওয়েবসাইট ম্যালওয়্যার ছড়াতে কাজ করে। গবেষকেরা দেখেছেন ১৫ শতাংশ অ্যাপের সঙ্গে বাজে ওয়েবসাইটের যোগাযোগ আছে। এ ধরনের ওয়েবসাইট মোবাইলের ক্ষতি, তথ্য চুরি ও স্প্যাম ছড়ায়। ৭৩ শতাংশ অ্যাপ্লিকেশন স্বল্প পরিচিত ওয়েবসাইটের সঙ্গে যুক্ত। শিশুদের জন্য উপযুক্ত নয়, এমন ওয়েবসাইটের সঙ্গে লিংক আছে ৭৪ শতাংশ অ্যাপসের।