জনপ্রিয়তা বাড়ছে ফেসবুক ফ্যান পেইজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে থাকা বিভিন্ন ফ্যান পেইজ ব্যবহারের দিক দিয়ে জনপ্রিয় হচ্ছে। ফেসবুকে বিভিন্ন বিভাগে ফ্যান পেইজ খোলা যায়, যার মাধ্যমে খুব দ্রুত বড়সংখ্যক ভক্ত (ফ্যান) এবং ব্যবহারকারীর সঙ্গে যুক্ত হওয়া যায়। আর তাই ফ্যান পেইজের জনপ্রিয়তাও বাড়ছে দ্রুত।এ কারণে বিভিন্ন ব্র্যান্ড কিংবা নানা প্রতিষ্ঠান ফেসবুকের নিজেদের ফ্যান পেইজের ওপরও বেশি জোর দিচ্ছে। অনেক ক্ষেত্রেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিজেদের ওয়েবসাইট না দিয়ে ফেসবুকের ফ্যান পেইজকে ওয়েবসাইট হিসেবেও ব্যবহার করা হচ্ছে। দেখা যাচ্ছে, একটি ফ্যান পেইজ থেকে নিয়মিতভাবে প্রায় ৪০ থেকে ১৫০ বার হালনাগাদ তথ্য পাচ্ছেন ওই পেইজের ব্যবহারকারীরা। আর তাই নিজেদের বন্ধু তালিকা বাড়ানোর চেয়ে ফ্যান পেইজের ব্যবহারকারী বাড়ানোর দিকেই এখন নজর বেশি আগ্রহী ব্যক্তিদের। পাশাপাশি ওই ফ্যান পেইজের কিছুতে ‘লাইক’ কিংবা কমেন্ট দিলে সেটা ওই পেইজের সবার মূল পাতায় হালনাগাদ হয়ে যাচ্ছে, যা একসঙ্গে অনেকের কাছে তথ্য পৌঁছাতে পারছে দ্রুত। এক গবেষণায় দেখা গেছে, ফেসবুকের বিভিন্ন কন্টেন্টের মধ্যে ২৭ শতাংশব্যবহারকারী সবচেয়ে বেশি দেখেন মূল পাতা/হালনাগাদ (নিউজফিড)। এর মধ্যে ফ্যান পেইজ থেকে যত হালনাগাদ আসে, তার বেশির ভাগই দেখেন ব্যবহারকারীরা। এ ছাড়া প্রোফাইল দেখেন শতকরা ২১ ভাগ, ছবি দেখেন ১৭ ভাগ, অ্যাপলিকেশন ও টুলস দেখেন ১০ ভাগ, অন্যান্য কন্টেন্ট দেখেন ২৫ ভাগ ব্যবহারকারী। তা ছাড়া সরাসরি ব্যবসায়ী কিংবা জনপ্রিয় কারও ফ্যান পেইজে নিজেদের মতামত, ভালোলাগা জানানোর সুযোগ থাকায় ফ্যান পেইজেই আগ্রহ বেশি ব্যবহারকারীদের। ফেসবুকের বিজ্ঞাপন যোগাযোগ ব্যবস্থাপক এলিজাবেথ ডায়ানা জানান, ফেসবুকের ফ্যান পেইজ ব্যবহারের মাধ্যমে যাতে সহজে লাভবান হওয়া যায়, সে জন্য যুক্ত হচ্ছে নানা ধরনের উন্নত বৈশিষ্ট্য। নির্দিষ্টভাবে ফ্যান পেইজের ক্ষেত্রে কতজন ব্যবহারকারী ফ্যান হতে পারবেন, তার নির্দিষ্ট কোনো সংখ্যা না থাকায় ইচ্ছেমতোই এ সংখ্যাটি বাড়িয়ে নিজেদের ব্যবসায়িক প্রচার থেকে শুরু করে জনপ্রিয় ব্যক্তিরা নিজেদের কথা ছড়িয়ে দিতে পারছেন দ্রুত। আর তাই ফেসবুকের অন্যান্য সুবিধার চেয়ে ফ্যান পেইজের প্রতি ব্যবহারকারীদের আগ্রহ বাড়ছে বলে মনে করছেন সামাজিক যোগাযোগ বিশেষজ্ঞরা। —ম্যাশেবল অবলম্বনে কাজী আশফাক আলম