জনপ্রিয়তা বেড়েছে লুমিয়ার
নকিয়ার লুমিয়া সিরিজের উইন্ডোজ ফোনের বিক্রি বেড়েছে ৩২ শতাংশ। সম্প্রতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আয়ের তথ্য প্রকাশ করার সময় লুমিয়ার জনপ্রিয়তা বাড়ার এ তথ্য জানিয়েছে ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া। এক খবরে এ তথ্য জানিয়েছে হাফিংটন পোস্ট।তবে নকিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, লুমিয়া মডেলের জনপ্রিয়তা বাড়লেও গত বছরের তুলনায় নকিয়ার মোট স্মার্টফোন বিক্রি কমে গেছে। সিমবিয়ান অপারেটিং সিস্টেম ছেড়ে উইন্ডোজ প্ল্যাটফর্মে স্থানান্তরের এ প্রক্রিয়াকালে নকিয়া স্মার্টফোনের বিক্রি অনেকটাই কম।সম্প্রতি ৪১ মেগাপিক্সেলের লুমিয়া ১০২০ স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়ে সবার নজর কেড়েছে নকিয়া। এই স্মার্টফোনে ক্যামেরা ছাড়াও উন্নত হার্ডওয়্যারের ঘোষণা দেওয়ায় প্রযুক্তিবিশ্লেষকদের কাছ থেকেও ইতিবাচক মন্তব্য পেয়েছে। নকিয়া জানিয়েছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ৭৪ লাখ ইউনিট মুঠোফোন বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। অবশ্য কোন মডেলের ফোন সবচেয়ে বিক্রি বেশি হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি নকিয়া। বাজারবিশ্লেষকেরা বলছেন, নকিয়াকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে ফিচার ফোনের বিক্রি কমে যাওয়ার বিষয়টি। মোট ২৪ শতাংশ মুঠোফোন বিক্রি কমেছে নকিয়ার। নকিয়ার লুমিয়া ফোনের বিক্রি বেড়ে যাওয়ায় গত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় এবার লোকসান কিছুটা কমেছে নকিয়ার। নকিয়া লুমিয়ার ভবিষ্যত্ নিয়ে যথেষ্ট আশাবাদী।