জনসেবার তিন অ্যাপস

মোবাইল ফোনের মাধ্যমে সরকারি তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তৈরি করা হচ্ছে বিষয়ভিত্তিক সরকারি সেবামূলক মোবাইল অ্যাপলিকেশনস (অ্যাপস)। গুগল ডেভেলপার গ্রুপ (জিডিজি) ঢাকা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) যৌথ উদ্যোগে একটি অ্যাপস নির্মাণ কর্মশালা পরিচালনা করা হয়েছে। কর্মশালায় অংশ নেন দেশের ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৫ জন শিক্ষার্থী। এই কর্মশালায় ২৫টি দল সরকারি সেবার ২৫টি বিষয়ভিত্তিক অ্যাপসের মান উন্নয়ন করে। সেখান থেকে তিনটি অ্যাপসকে সেরা নির্বাচিত করা হয়।
নির্বাচিত তিন অ্যাপস হচ্ছে এ২আই নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সেবা, আই উইটনেস জনতার সংবাদ এবংমা ও শিশু। এগুলো ব্যবহার করা যাবে অ্যানড্রয়েড-চালিত স্মার্ট ফোনে।
এ২আই নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সেবা
এই অ্যাপটির মাধ্যমে সরকারি নিরাপত্তা সেবাগুলো পাওয়া যাবে। সন্ধান মিলবে কাছের পুলিশ স্টেশন, ফায়ার সার্ভিস, র্যাবের কার্যালয়, জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসক অফিসসহ অন্যান্য সরকারি অফিসের ঠিকানা এবং ফোন নম্বর। অ্যাপটির মূল আকর্ষণ প্যানিক বোতাম। বিপদের মুহূর্তে এই বাটনটি চাপলে এসএমএস চলে যাবে আগে থেকে সেভ করে রাখা কোনো আপনজনের নম্বরে। এ ছাড়া কীভাবে জিডি করতে হয়, সেই তথ্যও পাওয়া যাবে অ্যাপটির মাধ্যমে। এই প্রযুক্তিসেবার কথাগুলো বলেন নির্মাতাদের একজন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমএসটিআই) শিক্ষার্থী অনিক মুনশিমুন। এই অ্যাপে রয়েছে আটটি সেবামূলক ফিচার—জরুরি সেবা, বিভাগীয় পর্যায়ে সেবা, জেলা পর্যায়ে সেবা, উপজেলা পর্যায়ে সেবা, প্রসেস ম্যাপ, তথ্যভান্ডার, তথ্যসংযুক্তি এবং আপনার জিজ্ঞাসা।
আই উইটনেস জনতার সংবাদ
নাগরিক সাংবাদিকতার অ্যাপ আই উইটনেস। আশপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা এক ক্লিকেই জানিয়ে দেওয়া যাবে বিশ্ববাসীকে। ছবি এবং লেখার মাধ্যমে তুলে ধরা যাবে দুর্নীতি, চাঁদাবাজি, ইভ টিজিং, নগর সেবার বেহাল দশা ইত্যাদি। অ্যাপসটির মাধ্যমে দেখা যাবে অন্যদের উপস্থাপিত খবরগুলো। রাজপথের সহিংসতায় কেউ একজন অ্যাপটি ব্যবহার করলে অন্যরা সহজে সেই সহিংসতা এড়িয়ে যেতে পারবে। অ্যাপসটি সম্পর্কে এ রকমই বলেন নির্মাতাদের একজন টিম ইগানের (ভিনটেজ ল্যাব) সদস্য মিনহাজুল আবেদিন। এই অ্যাপেতে আছে তিনটি সুবিধা—অবস্থান অনুযায়ী ছবি, ভিডিও এবং লেখা প্রকাশ, প্রকাশিত খবরগুলোর জন্য আলাদা উইন্ডোজ এবং খবরের সংযোজন।
মা ও শিশু
মা ও শিশুর স্বাস্থ্যবিষয়ক সব সমস্যার সমাধান দেবে এই অ্যাপ। শিশুর জন্মের সম্ভাব্য তারিখ অ্যাপে প্রবেশ করালে এটি মায়ের খাবার তালিকা ও করণীয় বিষয়গুলো নির্দেশ করবে। শিশুর জন্মের পর কী করতে হবে, তার খাদ্যতালিকা কী হবে, পাওয়া যাবে সেসব নির্দেশনা। শিশুর কী ধরনের সমস্যায় কোথায় যেতে হবে এবং পার্শ্ববর্তী স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালের ঠিকানা পাওয়া যাবে অ্যাপটি ব্যবহারকারীর অবস্থান অনুযায়ী। মা ও শিশুর মৃত্যুহার রোধে এবং অপুষ্টি ঝুঁকি কমাতে অ্যাপসটি কার্যকর অবদান রাখবে। এমনই প্রত্যাশা অ্যাপটির নির্মাতাদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শরিফুর রহমানের। এই অ্যাপে রয়েছে পাঁচটি সুবিধা—তাৎক্ষণিক বার্তা প্রদান, হাসপাতালের খোঁজ, জরুরি প্রয়োজনে চিকিৎসককে ফোন কল, মা ও শিশুর বয়স অনুযায়ী খাদ্যতালিকা এবং মানচিত্রের খোঁজ।
এ২আই নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সেবা এবং মা ও শিশু অ্যাপস দুটি নির্বাচিত হয় বিচারকদের রায়ে। এ ছাড়া আই উইটনেস জনতার সংবাদ অ্যাপ নির্বাচিত হয় প্রতিযোগীদের ভোটের মাধ্যমে।