জনি আইভের পদোন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনি আইভ
জনি আইভ

পদোন্নতি হল অ্যাপলের নকশা গুরু হিসেবে খ্যাত জনি আইভের। বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি অ্যাপলের প্রধান নকশা কর্মকর্তা (চিফ ডিজাইন অফিসার) হলেন যুক্তরাজ্যের নাইট উপাধি পাওয়া জনি আইভ। এর আগে তিনি অ্যাপলে নকশা বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ছিলেন। অ্যাপলের জনপ্রিয় বেশ কিছু পণ্যের নকশা করেছেন তিনি। খবর বিবিসির।
২০১২ সালে নাইট উপাধি পান জনি। দ্য টেলিগ্রাফ স্যার জনি আইভের এক সাক্ষাৎকার প্রকাশ করেছে যাতে পদোন্নতির বিষয়টি উঠে এসেছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ ম্যাক অ্যাপলের এক অভ্যন্তরীণ মেমোর বরাতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে বলা হয়েছে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক স্যার জোনাথানকে নতুন পদে বসিয়েছেন এতে তাঁর ডিভাইস নকশার পাশাপাশি কাজের ক্ষেত্র বিস্তৃত হবে। অ্যাপল অফিসের আসবাব থেকে শুরু করে রিটেইল স্টোর কিংবা অ্যাপলের ক্যাম্পাস সব নকশার দায়দায়িত্ব থাকবে জনি আইভের ওপর।
অ্যাপল বর্তমানে ১২ হাজার লোক একসঙ্গে কাজ করতে পারে এমন একটি প্রধান কার্যালয় তৈরি করছে যার নাম স্পেসশিপ।
মেমোতে টিম কুক লিখেছেন, নতুন দায়িত্বে তিনি বর্তমান নকশা প্রকল্পগুলোর পাশাপাশি নতুন ধারণা ও ভবিষ্যৎ উদ্যোগের বিষয়ে গুরুত্ব দিতে পারবেন।

তাঁর সময়ের শীর্ষ প্রতিভাবান ও পরিপূর্ণ একজন নকশাবিদ জনি যাঁর নামে পাঁচ হাজার নকশা ও দরকারি পণ্যের পেটেন্ট রয়েছে। গত কয়েক দশকে অ্যাপলের জনপ্রিয় পণ্য আইপড, আইফোন, আইপ্যাড ও স্মার্টওয়াজের পেছনে রয়েছে জনির অবদান।’
কিছুদিন আগে কয়েকটি প্রতিবেদনে বলা হচ্ছিল জনি আইভের নকশাকৃত গাড়ি তৈরি করতে যাচ্ছে অ্যাপল।
এ বছরের জুলাই মাস থেকেই অ্যাপলের প্রধান নকশাকারী হিসেবে দায়িত্ব বুঝে নেবেন স্যার জোনাথান আইভ।