জনৈক গরুর সাক্ষাৎকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: জুনায়েদ
আঁকা: জুনায়েদ

রস+আলো: গুড মর্নিং, গরু স্যার।
গরু: এত খাতির ক্যান? বিষয়টা কী?
রআ: একটা সাক্ষাৎকার নিতাম।
গরু: তা আমার সাক্ষাৎকার নিতে তোমার মতো একটা গরুরে কে পাঠাইছে, হুঁ?
রআ: না মানে, বাকিরা শপিংয়ে ব্যস্ত তো...
গরু: ও আচ্ছা, তাহলে জলদি শুরু করো। আমার আবার একটা টক শোতে যেতে হবে!
রআ: বলেন কী, আপনিও টক শোতে যান!
গরু: তুমি কী বোঝাতে চাইছ, গেট লস্ট!
রআ: না মানে স্যার, আমি বোঝাতে চাইছিলাম, আপনার লেভেল কি এতই নেমে যাচ্ছে যে আপনিও টক শোতে যেতে শুরু করলেন!
গরু: ও, এই কথা। আসলে এত করে বলে, না-ও করতে পারি না।
রআ: আচ্ছা, মানুষগুলো এই সময়ে যে আপনাদের খাইয়ে খাইয়ে মোটাতাজা করছে, এই বিষয়ে আপনার মতামত কী?
গরু: ওরা নিজেরা ডায়েট করে করে চিকন হচ্ছে, অথচ আমাদের মোটাতাজা করে তুলছে। আমার কেন জানি মনে হচ্ছে, আমাকে সুমো কুস্তিগীর বানানোর মতো গভীর ষড়যন্ত্র চলছে। তবে এতে আমার কিঞ্চিৎ সহমত আছে, চরিত্রের প্রয়োজনে আমি খোলামেলা হতেও রাজি আছি।
রআ: বলেন কী, এটা তো অশ্লীলতা!
গরু: বাজে কথা বলছ কেন, নগ্নতাই অশ্লীলতা নয়। আমার সঙ্গে কথা বুঝে-শুনে বলো, আমার একটা ওজন আছে!
রআ: না, ওজন আছে, সে তো দেখতেই পাচ্ছি।
গরু: খামোশ, এই ওজন সেই ওজন না। আমি বলতে চাইছি সমাজে আমার একটা দাম আছে!
রআ: হ্যাঁ, হাট বসতে বসতে সেটাও ভালোই উঠবে!
গরু: শাটআপ, আমি কিন্তু সাক্ষাৎকার দেওয়া বন্ধ করে দেব!
রআ: দুঃখিত, মাফ করবেন। আচ্ছা, আমাদের কাছে যতটুকু খবর আছে, আপনাকে কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে...
গরু: এ বিষয়ে আমার মতামত হলো, প্রিয় ভাই ও বোনেরা, আমার এই যে সুন্দর সুঠাম সিক্স প্যাক বডি দেখছেন, এর পুরোটাই কিন্তু ফাঁপা! মোটাতাজাকরণ রাসায়নিক দিয়ে বানানো, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। বাজারে আরও প্রাণী থাকবে, যেমন দেশি ছাগল, খাঁটি দুম্বা, অ্যারাবিয়ান উট, এদের কিনুন।
রআ: আপনি কি ব্যক্তিস্বার্থকেই বড় করে দেখছেন না?
গরু: দেখুন, আমাকে বেশি ফ্যাট দেখে কিনবেন, কিন্তু আমার মাংসে থাকা অতিরিক্ত ফ্যাটের জন্য মানবদেহে যে হূদেরাগের ঝুঁকি তৈরি হবে, সে বিষয়েই আমি আলোকপাত করছি। আমি আসলে মানবতাবাদী। এখানে ব্যক্তিস্বার্থ খোঁজা মিডিয়ার অপকৌশল ছাড়া আর কিছু নয়।
রআ: ব্যক্তিস্বার্থ খোঁজা প্রসঙ্গে মনে পড়ল, মানবসমাজে ‘গরুখোঁজা’ বলে একটা কথা প্রচলিত আছে, সে বিষয়ে যদি কিছু বলতেন।
গরু: মানুষের মতো একটি বিজ্ঞানমনস্ক প্রাণী মূল্যবান জিনিস খুঁজে বেড়াবে, এটাই স্বাভাবিক। আমরা এ জন্য গর্বিত।
রআ: যা-ই হোক স্যার, মনুষ্য গৃহপালিত পশু হিসেবে মানুষের কাছে আপনাদের কি কোনো দাবি আছে?
গরু: হ্যাঁ, সামান্য একটা কুকুর ‘লাইকা’ না কী যেন নাম, ওকেও চাঁদে পাঠানো হয়েছে। সম্প্রতি চীন একটা বিড়ালকেও মহাকাশে পাঠাচ্ছে, অথচ আমাদের? দেখো তো, এ বিষয়ে কিছু করা যায় কিনা।
রআ: ওকে, আমরা দেখব। রস+আলোর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।
গরু: কী? আগে বলবা না, তুমি রস+আলো থেকে এসেছ!
রআ: কেন স্যার, আগে জানলে কি আরও ফানি ফানি উত্তর দিতেন?
গরু: না, আমার মূল্যবান সময় নষ্ট করে এই সাক্ষাৎকারই দিতাম না। আহ্হা, এতক্ষণে কতই না জাবর কাটতে পারতাম!