জনৈক তরুণের 'ডেইলি রুটিন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সকাল ৬টা থেকে দুপুর ১২টা
সামাজিক যোগাযোগ মাধ্যম না থাকলে: ঘুম থেকে ওঠে সকাল ৬টায়, ঘড়ির অ্যালার্ম শুনে। তারপর নাশতা করে চলে যায় ক্লাসে।
সামাজিক যোগাযোগ মাধ্যম থাকলে: সকাল ৬টায় ঘুম থেকে ওঠা একেবারেই অসম্ভব। মাঝে মাঝে তার কাছে এটা স্মরণকালের ভয়াবহ নির্যাতন বলে মনে হয়। কানের কাছে সাইরেন বাজালে জানালার গ্লাস ভাঙবে, তবু তার ঘুম থাকবে অটুট। রাত ৫টা পর্যন্ত ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর ভাইবারে মেসেজ চালাচালির রেশ তখনো কাটে না। ঘড়ির অ্যালার্মে ঘুম ভাঙলেও অ্যালার্ম অফ করে গভীর ঘুমে ডুব দেয়। খুব জরুরি ক্লাস থাকলে আধো ঘুম আধো জাগরণে চলে যায় ক্লাসে।

দুপুর ১২টা থেকে বিকেল ৪টা
সামাজিক যোগাযোগ মাধ্যম না থাকলে: ক্লাস শেষ করে বন্ধুদের সঙ্গে আড্ডা জমে ওঠে। মাঝে মাঝে আড্ডা দিতে দিতেই বাইরে দুপুরের খাবার খেয়ে নেয়। কখনো কখনো বাসায় ফিরে মায়ের হাতের সরষে ইলিশ কিংবা ঘন মসুর ডাল খেয়ে তৃপ্তির ঢেঁকুর তোলে। বিছানায় বই নিয়ে বসতেই হাতছানি দেয় ভাতঘুম!
সামাজিক যোগাযোগ মাধ্যম থাকলে: মা কিংবা বড় বোনের শ্রুতিমধুর বাণী শুনে ঘুম থেকে ওঠে। উঠেই বিছানায় শুয়ে শুয়ে আবার ফেসবুক-হোয়াটসঅ্যাপ খুলে বসে। নতুন কোনো মেসেজ বা নোটিফিকেশন এল কি না, চেক করতে হবে তো! একসময় মায়ের বকুনি সহ্য করতে না পেরে প্রায় চিড়া হতে যাওয়া ভাত গিলে ফেলে পানি দিয়ে।

বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা
সামাজিক যোগাযোগ মাধ্যম না থাকলে: ঘুম থেকে উঠে বাসার পাশের মাঠে বন্ধুদের সঙ্গে জমে ওঠে তুমুল আড্ডা। মাঝে মাঝে শর্ট পিচে ক্রিকেট কিংবা ব্যাডমিন্টন খেলায় নেমে পড়ে। মাঝে মাঝে ‘ক্রাশের’ বাসার আশপাশে ঘুরঘুর করতেও দেখা যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যম থাকলে: নিজের ঘরে বসেই কেটে যায় দারুণ (!) সময়। ফেসবুকে চলতে থাকে তুমুল আড্ডা। মাঝেমধ্যে বাইরে বেরোলে আর আশপাশে বন্ধু থাকলেও নজর থাকে ওই স্মার্টফোনেই।

.
.

সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা
সামাজিক যোগাযোগ মাধ্যম না থাকলে: ঘরে বসে এক-আধটু টিভি দেখে। মায়ের আশপাশ দিয়ে ঘুরঘুর করে। দোকান থেকে এটা-সেটা এনে দেয়। বড় বোনের সঙ্গে খুনসুটি হয়। মাঝে মাঝে গিটারটা নিয়ে টুংটাং
সুর তোলে। বাবার ভয়ে একসময় পড়তে বসে। পড়াশোনা শেষ করে বসে যায় ডাইনিং টেবিলে, রাতের খাবার খেতে। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বাবার ‘লেকচার’ও গলাধঃকরণ করতে হয় ভাত আর ছোট
মাছের সঙ্গে।
সামাজিক যোগাযোগ মাধ্যম থাকলে: রাত ৮টা মানেই ফেসবুকের পিক আওয়ার! পৃথিবী উদ্ধার করতে চলে নানা তর্ক-বিতর্ক। পাশাপাশি চলে এর-ওর ছবিতে লাইক-কমেন্ট দেওয়া। ক্রাশের অ্যাকাউন্ট খুলে গালে হাত দিয়ে বসে থাকতে দেখা যায় একটু পরপরই। অনলাইনে কাউকে পেলেই খুলে যায় দুনিয়ার সব গল্পের দুয়ার। হঠাৎ মাথায় আসে পরদিন ক্লাস আছে! আছে অ্যাসাইনমেন্ট কিংবা পরীক্ষা! ফেসবুকে চোখ রাখতে রাখতেই চলে পড়াশোনা। অনেক সময় বন্ধুরা মিলে সিক্রেট গ্রুপে চলে গ্রুপ স্টাডি। অতঃপর মায়ের বকুনি, বাবার ঝাড়ি খেয়ে চলে যায় রাতের খাবার খেতে।

রাত ১১টা থেকে ২টা
সামাজিক যোগাযোগ মাধ্যম না থাকলে: ক্লাসের পড়া বাকি থাকলে আবার বই খুলে বসে। সেটা ভালো না লাগলে গান শোনে। না হলে জমজমাট একটা উপন্যাসে ডুব দেয়। অবশেষে ফাটাফাটি একটা সিনেমা দেখে কেটে যায় বাকিটা সময়।
সামাজিক যোগাযোগ মাধ্যম থাকলে: ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার আরও জমে ওঠে। জমে ওঠে রাতের পাখিদের ভার্চ্যুয়াল আড্ডা। সামনে যে বই খোলা, সেদিকে আর নজর নেই।

রাত ২টা থেকে ভোর ৬টা
সামাজিক যোগাযোগ মাধ্যম না থাকলে: গভীর ঘুমে আচ্ছন্ন। বাসায় চোর ঢুকে খাটটা নিয়ে গেলেও টের পায় না কিছুই!
সামাজিক যোগাযোগ মাধ্যম থাকলে: হঠাৎ করে খেয়াল করে ক্লাসের পড়া কিংবা অ্যাসাইনমেন্টের কিছুই হয়নি! নতুন উদ্যমে বই নিয়ে বসে আর ইন্টারনেটের চৌদ্দগুষ্টি উদ্ধার করে। তাড়াতাড়ি ঘুমানোর আশায় স্মার্টফোন সাইলেন্ট রেখে পড়ায় মন দেয়। কিন্তু একটু পরই ফোনের স্ক্রিনটা আলোকিত হয়, সঙ্গে সঙ্গে আলোকিত হয় তার মুখটাও। একটা নোটিফিকেশন কিংবা মেসেজ আসে। পড়াশোনা ফেলে আবার স্মার্টফোনে মনোনিবেশ করে সে। ততক্ষণে হালকা ঝিমুনি ভাব চলে আসে। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ক্লাসে যেতে হবে, তাই আপাতত পড়াশোনায় ইস্তফা দিয়ে ঘুমাতে যায়। আর মোবাইল ফোনে চার-পাঁচটা মেটাল গানের সাউন্ডওয়ালা অ্যালার্ম দিয়ে আশায় বুক বাঁধে—ঠিক সময়ে যদি ঘুমটা ভাঙে!