জনৈক সিরিয়াস ছাত্রের সংকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সন্ধ্যা ৬টা
আজকে পড়তে বসতে হবে। চ্যাপ্টার ১, ২, ৩ একদম ঝাড়া শেষ করে ফেলব। পারলে ৪, ৫-ও ধরব।
যদি নিতান্তই না পারি ৪, ৫-এর বেসিকগুলো দেখে রাখব, যাতে নেক্সট দিন কমপ্লিট করতে সমস্যা না হয়...

সন্ধ্যা ৬টা ৫ মিনিট
এত বড় মিশনের আগে একটু দিন-দুনিয়ার খোঁজ-খবর নিয়ে আসি। ফেসবুকে ঢুঁ মারি, হোয়াটসঅ্যাপে
কে যেন মেসেজ দিল। ওরা কোথায় যেন চেক-ইন দিছে। লাইক দিই। আহ...ডিপিটা সুন্দর। ওয়েট! ‘সংকটময় বাংলাদেশ: আমাদের করণীয়’...গুরুগম্ভীর স্ট্যাটাস। একটা কমেন্ট করি। লাস্ট ম্যাচের গোলটা দেখা হয়নি। ইউটিউবে যাব?

রাত ৮টা
ওহ শিট...শিট! আমি এখনো হোমপেজই স্ক্রল করতেছি! ড্যাম! এই ওয়াই-ফাই অফ করলাম। খিদাও লাগছে...কিছু খেয়ে নিতে হবে। একদম রেডি হয়ে ৯টায় পড়তে বসব। চ্যাপ্টার ৪, ৫ হয়তো হবে না। বাট ১, ২, ৩...আজকে তোরা শেষ!

রাত ৯টা ১০ মিনিট
১০ মিনিট পড়লাম। অনেক ক্লান্ত লাগতেছে। বন্ধুরে মেসেজ দিই, ‘দোস্ত...কিছু পড়ছস?’, ‘কচুটাও পড়স নাই?’, ‘আয় ভাই, বুকে আয়!’ সাপোর্ট পাইলাম। হেডফোনে একটু ধুমধাড়াক্কা গান হবে এখন। পড়ার অনেক সময় আছে। নাইট ইজ স্টিল ইয়াং...

রাত ১২টা

এক পৃষ্ঠাও আগাইতে পারলাম না। স্যার কি হিব্রু ভাষায় লেকচার দিছেন? ইশ্‌, বাইরে কি ঠান্ডা বাতাস! ঘরের দেয়ালটা কত সুন্দর। টিকটিকি হেঁটে যাচ্ছে। টিকটিকিটাও কত স্বাধীন, ওর পরীক্ষা নাই...পড়াশোনা নাই। হচ্ছে না। মোটিভেশন দরকার। একটা মোটিভেশনাল মুভি অর কমেডি টাইপ কিছু। ডাউনলোড করে ফেলি...

রাত ৩টা

নাহ্‌, অনেক হইছে! এখন পড়তেই হবে। অন্তত ফার্স্ট চ্যাপ্টারটা একটু দেখি। কিন্তু...কিন্তু এই যে পড়তেছি...পড়ব কেন? জীবনের উদ্দেশ্যটা কী? (ফিলোসফিকাল চিন্তা-ভাবনা) শুধুই ছুটে চলা? মরলে তো সব শেষ...কী হবে প্যারা নিয়ে? উফ্‌...এত ডিপ্রেশন, এত জটিলতা...ঘুম আসে ক্যান?...ঘুম...ঘুম...চ্যাপ্টার ১, ২, ৩...

পরদিন সন্ধ্যা ৬টা

আজকে পড়তে বসতে হবে...

(To be continued)

গ্রন্থনা: আবু সাঈদ