জবসকে ভোলেনি ভক্তরা
অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের ৫৭ তম জন্মদিন পালিত হয়েছে ২৪ ফেব্রুয়ারি শুক্রবার। জন্মদিন উপলক্ষে এ দিনে অবশ্য বিশেষ কোনো আয়োজন করেনি অ্যাপল। অ্যাপলের পক্ষ থেকে কোনো আয়োজন না থাকলেও ভক্তরা জবসকে ভোলেনি। টুইটারসহ সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে সাম্প্রতিক সময়ের খ্যাতিমান এ প্রযুক্তিবিদকে। এক খবরে হাফিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে। ২৪ ফেব্রুয়ারি সারা দিন টুইটারের সেরা ৫ ট্রেন্ডের মধ্যে ছিল স্টিভ জবসের জন্মদিন। এ দিনে অ্যাপল-কেন্দ্রিক ব্লগ সাইটগুলোতেও ছিল জবসকে নিয়ে বিভিন্ন লেখা। কাল্ট অব দ্য ম্যাক নামের একটি ব্লগে লেখা হয়েছে ‘শুভ জন্মদিন স্টিভ জবস, পুরো বিশ্ব তোমার অভাব বোধ করছে।’ এ ছাড়া টুইটারে সারা দিন জুড়েই প্রয়াত স্টিভ জবসকে নিয়ে ব্যক্তিগতভাবে অনেক টুইট হয়েছে। ব্যক্তিগত টুইট ছাড়াও প্রযুক্তিবিষয়ক ব্লগগুলোও তাঁকে শ্রদ্ধা জানাতে সরব ছিল। জেনারেল ইলেকট্রিকের পক্ষ থেকে এক টুইটে লেখা হয়েছে, ‘কোনো উদ্ভাবনই তোমাকে ছাড়া পূর্ণতা পাবে না।’ এ ছাড়া জবসের বিভিন্ন বাণী ও তাঁর স্মরণে ভক্তদের অসংখ্য টুইটে সরব ছিল টুইটার।উল্লেখ্য, ৫ অক্টোবর প্যানক্রিয়াটিক ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান স্টিভ জবস।