জবসের নকশায় তৈরি হলো প্রমোদতরী
অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস জীবদ্দশায় যে প্রমোদ তরীর স্বপ্ন দেখেছিলেন, মৃত্যুর পর তাঁর স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। সম্প্রতি এক খবরে এমন তথ্য জানিয়েছে ডেইলিমেইল। আইপড, আইপ্যাড বা আইফোনের অসাধারণ নকশা করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন স্টিভ জবস। শুধু তাই নয়, তিনি ২৬০ ফুট দৈর্ঘ্যের একটি বিলাসবহুল প্রমোদতরীর নকশাও করেছিলেন। এ মাসে শেষ হয়েছে ‘ভেনাস’ নামের ওই প্রমোদতরীর নির্মাণকাজ। ‘ভেনাস’-এর নকশা করার পেছনে প্রচুর সময় ব্যয় করেছিলেন স্টিভ জবস। অন্দরসজ্জার জন্য তাঁকে সহায়তা করেন প্রখ্যাত ফরাসি স্থপতি ও পণ্যের নকশাকারী ফিলিপ স্ট্র্যাক। পরিবারের সদস্যদের নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণের উদ্দেশ্যে ‘ভেনাস’ নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন স্টিভ জবস। কিন্তু তাঁর জীবত্কালে সেই ইচ্ছা পূরণ হয়নি, পরাজিত হয়েছে মৃত্যুর কাছে। ক্যানসারে আক্রান্ত হয়ে গত বছর না-ফেরার দেশে চলে গেছেন তিনি। অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে ‘ভেনাস’। অন্যসব প্রমোদতরীর তুলনায় এটি অনেক বেশি হালকা। এটি তৈরি করেছে নেদারল্যান্ডের প্রমোদতরী নির্মাণ-প্রতিষ্ঠান ‘ফিডশিপ’।সম্প্রতি নির্মাণকাজ শেষ হওয়ার পর স্টিভ জবসের স্ত্রী লরেনা এবং তিন সন্তান রিড, ইরিন ও ইভ ওই প্রমোদতরীর উদ্বোধন করেছেন। ‘ভেনাস’ তৈরিতে মোট কত খরচ হয়েছে এবং ভবিষ্যতে স্টিভ জবসের পরিবারের সদস্যরা এর ব্যবহার চালিয়ে যাবেন কি না, তা জানা যায়নি।