জব্দকৃত তথ্য-সম্পদ ফেরত পাবে মেগাআপলোড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের কপিরাইট আইন লঙ্ঘনের দায়ে ২০১২ সালে অনলাইন ফাইল সংরক্ষণবিষয়ক ওয়েবসাইট মেগাআপলোডের সব কম্পিউটার, হার্ড ড্রাইভ এবং কাগজপত্র জব্দ করেছিল এফবিআই। সম্প্রতি মেগাআপলোডের প্রতিষ্ঠাতা কিম ডটকমের জব্দকৃত সকল সম্পদ ফেরত দিতে আদেশ দিয়েছেন আদালত। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।নিউজিল্যান্ডের উচ্চ আদালত কিম ডটকমকে তাঁর সব সম্পদ ফেরত দেওয়ার আদেশ দিয়েছেন এবং একইসঙ্গে মেগাআপলোডের জব্দ করার ওয়ারেন্টটিকেও অবৈধ ঘোষণা করেছেন। এছাড়াও আদালত আদেশে মেগাআপলোডের যেসব কাগজের অনুলিপি তৈরি করা হয়েছে সেগুলোও ফেরত পাবেন তিনি।২০১২ সালের জানুয়ারি মাসে অনলাইনে সিনেমা এবং গান বিনামূল্যে ছেড়ে প্রতিষ্ঠানটি কপিরাইট আইন লঙ্ঘন করেছে বলেই দাবি করেছিল যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এফবিআইয়ের নেতৃত্বে সেসময় মেগাআপলোডের অফিসে তল্লাশি চালানো হয় এবং কম্পিউটার, হার্ড ড্রাইভ এবং কাগজপত্র জব্দ করা হয়।কিমডটকম অবশ্য হার মানেননি। ফাইল সংরক্ষণের ওয়েবসাইটটি অবৈধ কিছু করেনি বলে তিনি মামলা লড়ে যান। বেশ কয়েকটি ইস্যুতে আগেই জিতলেও এবারে তিনি জব্দ মালামাল ফেরত ও সব কাগজপত্রের অনুলিপিও ফেরত পাওয়ার মামলাটিও জিতেছেন। ২০১২ সালে মেগাআপলোড বন্ধ হয়ে গেলেও চুপ থাকেননি কিম। চলতি বছর ‘মেগা’ নামে অনলাইনে তথ্য সংরক্ষণ করার আরেকটি সাইট চালু করেছেন তিনি।