জমকালো অনুষ্ঠানে বেসিসের নতুন কমিটির অভিষেক
‘আজ বাংলাদেশের ১৩ কোটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করছে। ইন্টারনেট ব্যবহার করছে ৬ কোটির বেশি মানুষ। আমাদের তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবা আন্তর্জাতিক বাজারে রপ্তানি হচ্ছে।’ গত মঙ্গলবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০১৬-১৯ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাত একদিন তৈরি পোশাক শিল্পের মতোই বড় হয়ে উঠবে।’ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, ‘বেসিস দেশের তথ্যপ্রযুক্তি খাতের অগ্রযাত্রাকে বিশ্বের দুয়ারে প্রতিষ্ঠিত করতে কাজ করবে বলে আমি আশা করছি।’
বিদায়ী কার্যনির্বাহী পরিষদ, নির্বাচন বোর্ড ও আপিল বোর্ডকে তাদের অবদানের জন্য শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এরপর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে শপথ পাঠ করান বেসিসের প্রথম সভাপতি ও নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান এ তৌহিদ। অনুষ্ঠানে বিদায়ী সভাপতি শামীম আহসান নবনির্বাচিত সভাপতি মোস্তাফা জব্বারের হাতে বেসিসের পতাকা ও কার্যক্রমের প্রতিবেদন তুলে দেন।
নতুন সভাপতি মোস্তাফা জব্বার বলেন, ‘দেশের মোট জনসংখ্যার প্রায় ৬০ শতাংশ তরুণকে তথ্যপ্রযুক্তি খাতে সম্পৃক্ত করে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাব।’
জমকালো এই অনুষ্ঠানে বেসিসের বিদায়ী ও নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের সদস্যরা এবং বেসিসের সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।