জমকালো অনুষ্ঠানে বাংলা সফটওয়্যারের স্বীকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৮৭ সালে কম্পিউটারে বাংলা ব্যবহার করে প্রকাশিত হয়েছিলআনন্দপত্র। সেই থেকে শুরু। বিজয় বাংলা সফটওয়্যার ও কি-বোর্ড লে-আউটের জনপ্রিয়তা আজও শীর্ষে। বিজয়ের নির্মাতা মোস্তাফা জব্বারকে তাই এবারে আজীবন সম্মাননা দিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। গত শুক্রবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জমকালো এক অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রীর সংস্থাপন উপদেষ্টা এইচ টি ইমাম। একই অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি শিল্পে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করা হয় ওয়েবমাধ্যমে জনপ্রিয় বাংলা সফটওয়্যার অভ্রকে। ইউনিকোড-সমর্থিত অভ্র কম্পিউটারে বিশেষ করে ইন্টারনেটে বাংলা লেখাকে সহজ করে দিয়েছে। অভ্রের নির্মাতা মেহ্দী হাসান খান, রিফাত উন নবী ও সাফাতের হাতে পুরস্কার তুলে দেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। রপ্তানিমুখী কম্পিউটার গ্রাফিক্স শিল্পে বিশেষ অবদানের জন্য বেসিস মরণোত্তর পুরস্কার দেয় আহমেদ আশরাফুজ্জামানকে। চলতি বছর ডিজিটাল চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশ ব্যাংক বেসিসের পুরস্কার পেয়েছে। ক্লিয়ারিং হাউস স্বয়ংক্রিয় করা, অভ্যন্তরীণ কার্যক্রম স্বয়ংক্রিয়করণ, ইলেকট্রনিক লেনদেনব্যবস্থা চালু করার জন্যই মূলত পুরস্কারটি পায় দেশের কেন্দ্রীয় ব্যাংকটি। বার্ষিক মেলা সফটএক্সপোতে তরুণদের জন্য তিনটি প্রতিযোগিতার আয়োজন করেছিল বেসিস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ‘অস্কার’-এর কায়দায় সেসবের বিজয়ীদেরও পুরস্কৃত করা হয়। তরুণ উদ্ভাবকদের জন্য আবিষ্কারের খোঁজে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে এফ এম মাহবুবুল ইসলাম এবং তাঁর দলের তৈরি ‘বাংলা টেক্সট টু ব্রেইল ট্রান্সলেশন সিস্টেম’। প্রথম ও দ্বিতীয় রানারআপ যথাক্রমে মোহাম্মদ রেজাউল করিমের ‘অ্যাপরেইন কনটেন্ট ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক’ ও শিবলি ইমতিয়াজ হাসানের ‘ফাইন্ডার আলটিমেট’ প্রকল্প। কোড ওয়ারিওর চ্যালেঞ্জ নামের প্রোগ্রামিং প্রতিযোগিতায় জাভা, পিএইচপি ও ডট নেট শাখায় শিক্ষার্থী ও পেশাদার বিভাগে মোট ছয়জন পুরস্কার পেয়েছেন। ইন্টারনেটে বসে বাংলাদেশ থেকে যাঁরা আউটসোর্সিংয়ের কাজ করেন, তাঁদের এবারই প্রথম পুরস্কার দিয়েছে বেসিস। দলগত বিভাগে বিজয়ী হলো পিক্সেল নেট টেকনোলজিস, আলফা ডিজিটাল, সেন্টিনেল সলিউশন লিমিটেড ও আলম সফট। ব্যক্তিগত পর্যায়ে বিজয়ী হয়েছেন আল-আমিন চৌধুরী, ফয়সাল ফারুক, এনায়েত হোসেন রাজিব ও জাকারিয়া চৌধুরী। সাব্বির হোসেন, শাওন ভুঁইয়া, আবদুল্লাহ আল জাহিদ ও খায়রুল আলম বিজয়ী হয়েছেন শিক্ষার্থী বিভাগে। পাঁচ দিনের এ মেলা শেষ হয়েছে গতকাল শনিবার। শেষ দিনে মেলাপ্রাঙ্গণ ছিল লোকে-লোকারণ্য। মেলার আহ্বায়ক এ কে এম ফাহিম মাশরুর বলেন, ‘মেলার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল তরুণ প্রজন্মকে সম্পৃক্ত ও উৎসাহিত করা, যা বেশ ভালোভাবেই সম্পন্ন হয়েছে।’ —মোছাব্বের হোসেন