জমজমাট ক্রিকেট পল
২০১০ ফুটবল বিশ্বকাপে খেলার ফলাফল নিয়ে ভবিষ্যৎ বাণী দেওয়া অক্টোপাস পল এবার হাজির হয়েছে ক্রিকেট বিশ্বকাপেও। তবে এবার কোনো অক্টোপাস নয়। সাধারণ ক্রিকেটপ্রেমীরাই বিশ্বকাপ ক্রিকেট চলাকালীন নানা ধরণের ভবিষৎদ্বাণী করে পুরস্কার জেতার সুযোগ পাচ্ছেন।বিশ্বকাপ ক্রিকেট ২০১১ উপলক্ষে ইন্টারনেটে চালু হয়েছে ‘ক্রিকপল’ নামের একটি ওয়েবসাইট। এতে ক্রিকপল ক্রিকেট কুইজ নামের প্রতিযোগিতায় অংশ নেওয়া যাচ্ছে বিশ্বকাপের প্রথম ম্যাচের দিন থেকেই।প্রথম আলো ও কিউবি বাংলাদেশ লিমিটেডের যৌথ ব্যবস্থাপনায় এই অনলাইন কুইজ প্রতিযোগিতা চলছে। এই সাইটটি তৈরি করেছে পাই ল্যাবস বাংলাদেশ লিমিটেড। টেলিটক এর টেলি-অংশীদার হিসেবে কাজ করছে।পাই ল্যাবসের চেয়ারম্যান মাহমুদুল হাসান জানালেন, www.cricpaul.com ঠিকানার এই ওয়েবসাইটে ঢুকে ‘browse quiz’ অপশন থেকে বেছে নিতে হবে যেকোনো ধরনের কুইজ।এখান থেকে লাইভ কুইজ, টুর্নামেন্ট ও ম্যাচ কুইজের যেকোনো একটিকে বেছে নিয়ে অবতীর্ণ হওয়া যাবে পলের ভূমিকায়। টুর্নামেন্ট কুইজ আপনি যেকোনো সময়ই খেলতে পারেন। ম্যাচ কুইজ ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়। তবে কিছু বিশেষ ক্ষেত্রে কর্তৃপক্ষ তা কিছু সময়ের জন্য খোলা রাখতে পারে। ‘লাইভ কুইজ’ কখন বন্ধ হবে, তা নির্ভর করে ম্যাচের অবস্থার ওপর।প্রতিটি ভবিষৎদ্বাণীর জন্য পয়েন্ট রয়েছে। যদি কারও আন্দাজ সঠিক হয়, তিনি পয়েন্ট পাবেন। আর এভাবে পয়েন্ট পেতে থাকলে আপনি জয়ী হবেন এবং সঙ্গে সঙ্গে আপনার মোবাইল ফোনে পৌঁছে যাবে ‘ইনস্ট্যান্ট রিফিল’ পুরস্কার । এ ছাড়া ম্যাচ ও লাইভ কুইজের জন্য ‘পল অব দ্য ম্যাচ’ এবং টুর্নামেন্ট কুইজের জন্য ‘পল অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কারের ব্যবস্থাও রয়েছে। তবে এ জন্য খেলা শুরু করার আগে আপনাকে অবশ্যই নিবন্ধন করতে হবে।এরই মধ্যে নিবন্ধন করে প্রায় ৩০ হাজার ক্রিকেটভক্ত খেলছেন এই ওয়েবসাইটে। — তাসবীর শাতিল