
‘ইন্টারনেট ব্যবহার করে যে অপরাধ প্রতিনিয়ত হচ্ছে, এটি এখন বন্ধ না করলে পরে দানব হয়ে উঠবে। এ জন্য সাইবার অপরাধসহ বিভিন্ন অপরাধ বন্ধ করতে হবে।’ গতকাল বৃস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ১৫তম ল্যাপটপ মেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ‘সবার জন্য ল্যাপটপ’ স্লোগানে গতকাল শুরু হওয়া তিন দিনের এই মেলা চলবে ১৬ মে পর্যন্ত। মেলার আয়োজক এক্সপো মেকার।
উদ্বোধনী অনুষ্ঠানে এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম ল্যাপটপ মেলায় অংশ নেওয়া শীর্ষ প্রতিষ্ঠানগুলোকে নেপালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আবদুল ফাত্তাহ, ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান, এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেডের মহাব্যবস্থাপক সালমান আলী খান, এইচপি বাংলাদেশের কান্ট্রি বিজনেস ম্যানেজার ইমরুল হোসেন ভুঁইয়া প্রমুখ। মেলার আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানটি পরিচালনা করেন মুহাম্মদ খান।
এবারের মেলায় নতুন প্রযুক্তিপণ্য প্রদর্শনের জন্য মেলায় ৫০টি স্টল, ৭টি মিনি প্যাভিলিয়ন ও ৩টি প্যাভিলিয়নে দেশি-বিদেশি প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিক্রেতা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। অ্যাপেল, ডেল, আসুস, এইচপি, এসার, টুইনমস, লেনোভো, তোশিবা, ডিলাক্স, এক্সট্রিম, অ্যাভিরা, লজিটেক, মিইজু, ডিলিংক, আইনল, শাওমি, এইচটিএস, মাইসেল, জেটকাইট নাইন, জিওনি, গিগাবাইটের মতো প্রযুক্তিপ্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। বরাবরেই মতোই পণ্য-বিক্রেতা প্রতিষ্ঠানগুলো যাতে বিশেষ ছাড় ও উপহার নিয়ে মেলায় অংশ নিতে পারে, সে ব্যবস্থাও রাখা হয়েছে। মেলায় শীর্ষ প্রযুক্তিপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ ও অধুনিক ব্র্যান্ড মডেলের ল্যাপটপ প্রদর্শন করছে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ল্যাপটপের সঙ্গে ঘোষণা করেছে নানা উপহার ও ছাড়। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলার প্রবেশমূল্য ৩০ টাকা। তবে শিক্ষার্থীরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবে। মেলা থেকে বিক্রীত টিকিটের অর্থের ২৫ শতাংশ নেপালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্য হিসেবে এবং বাকি ২৫ শতাংশ তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) কল্যাণ তহবিলে দান করা হবে। এ ছাড়া নেপালের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে মেলায় একটি দান বাক্স খোলা হয়েছে।
রাহিতুল ইসলাম