জমি পেলেই চাঁদপুরে হবে হাইটেক পার্ক
চাঁদপুরে হাইটেক পার্ক করার সব ধরনের সুবিধা রয়েছে। প্রয়োজনীয় জমির ব্যবস্থা হলেই এর কার্যক্রম শুরু করা হবে। মঙ্গলবার চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলনকক্ষে দিনব্যাপী হাইটেক পার্ক বিষয়ে আয়োজিত সেমিনারে এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের (আইসিটি) সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য দেন আইসিটি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিল্লাল হোসেন। তিনি হাইটেক পার্কের প্রয়োজনীয়তা ও সরকারের পরিকল্পনার বিষয়গুলো তুলে ধরেন। সেমিনারে বক্তব্য দেন আইসিটি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সরকার আবুল কালাম আযাদ, জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নূরুল্লাহ, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ মিহির লাল সাহা, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ছাদেকুর রহমান, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ দেলোয়ার আহমেদসহ অনেকে।
সেমিনারে মূল প্রবন্ধ পড়েন চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ রতন কুমার মজুমদার। এতে তিনি হাইটেক পার্কের সুবিধা, চাঁদপুরে প্রয়োজন কেন, চাঁদপুরে এ পার্ক স্থাপনের সব ধরনের সুবিধা বিদ্যমান বিষয়গুলো তুলে ধরেন। —আলম পলাশ, চাঁদপুর প্রতিনিধি