জমে উঠেছে এলিফ্যান্ট রোডের কম্পিউটার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে দুটি টমটম গাড়িতে ঢোল, বাঁশি বাজাচ্ছে কয়েকজন। সামনেই মূল ফটকে মেলায় প্রবেশ করার জন্য অপেক্ষা করছে অনেকেই। মেলার ভেতরেও মানুষের ভিড়। মেলায় তৃতীয় দিনে শীতের সকালেই জমে উঠেছে ঢাকার এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারে ‘ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১০’। গতকাল শনিবার ইংরেজি নববর্ষের প্রথম দিনে মেলা ঘুরে দেখা গেছে, মেলায় বিকিকিনি হচ্ছে বেশ। পণ্য কিনলেই বিশেষ ছাড় ঘোষণা করেছে প্রতিটি প্রতিষ্ঠান। মেলার আহ্বায়ক তৌফিক এহেসান জানান, ‘আমাদের আশার চেয়ে অনেক বেশি সাড়া পাচ্ছি। যত দিন যাচ্ছে, দর্শনার্থীর সংখ্যা বাড়ছে। মেলা উপলক্ষে মাল্টিপ্ল্যান সেন্টারের প্রতিটি তলা নতুন করে সাজানো হয়েছে। মেলায় ঘুরতে আসা রাজন বলেন, ‘অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম ল্যাপটপ কেনার জন্য। অন্য সময়ের চেয়ে মেলায় তুলনামূলক বেশি সুবিধা পাওয়া যায়। এই জন্য মেলায় ল্যাপটপ কিনতে এসেছি।’ ঢাকা সিটি কলেজের একাদশ শ্রেণীর একটি দল ঘুরতে এসেছে। তাদের মধ্যে একজন তাবাসুম নওশিন জানায়, প্রযুক্তি মেলা মানেই নতুন পণ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ। স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিনা মূল্যে মেলায় প্রবেশ করতে দেওয়া জন্য মেলার আয়োজক কমিটিকে ধন্যবাদ জানায় তারা। এনএক্স ওয়ার লিমিটেডের স্বত্বাধিকারী এম ডি ফিরোজ খান বলেন, ‘মেলায় দর্শকদের উপস্থিতির পাশাপাশি বেচাকেনাও অনেক ভালো হচ্ছে। আশা করি, মেলার দিন যত যাবে, বিক্রি তত বেশি হবে।’শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত : মেলার তৃতীয় দিন শুক্রবার কিউবির সৌজন্যে খুদে আঁকিয়েদের নিয়ে অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার প্রধান উপদেষ্টা সাইফুল বারী। প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক আবুল বারক্ আলভী এবং সহযোগী অধ্যাপক শিশির ভট্টাচার্য।চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বয়সভিত্তিক ‘ক’ গ্রুপের বিষয় ছিল নয়নাভিরাম বাংলাদেশ, খ গ্রুপের বিষয় ডিজিটাল বাংলাদেশ এবং গ গ্রুপের বিষয় ছিল ৭১’-এর মুক্তিযুদ্ধ। প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে প্রথম হয়েছে ইসরাত জাহান, দ্বিতীয় হয়েছে যৌথভাবে যথাক্রমে ফাহমিদা জাহান ও ফারিনা জাহান এবং তৃতীয় হয়েছে যৌথভাবে যথাক্রমে মাইনুল হক ও ইয়াসিন শাহরিয়ার। ‘খ’ গ্রুপে প্রথম হয়েছে মো. ইজাজ আহমেদ, দ্বিতীয় হয়েছে সৈয়দ গাউস আহমেদ এবং তৃতীয় হয়েছে হোমায়রা কবির । ‘গ’ গ্রুপে প্রথম হয়েছে যথাক্রমে ফিয়াজ মাহমুদ্র ও শিহাব আহমেদ, দ্বিতীয় হয়েছে যৌথভাবে যথাক্রমে মাইশা মালিকা সিদ্দিকী ও এ এস এম সুফিয়ান এবং তৃতীয় হয়েছে যৌথভাবে যথাক্রমে সৈকতিনী মণ্ডল ও মো. আবদুল্লাহ।ৃ আজ বেলা ১১টার সময় অনুষ্ঠিত হবে বির্তক প্রতিযোগিতা। ‘তথ্যপ্রযুক্তি অবাধ সামাজিক উন্নয়নের অন্তরায় নয়’ ও ‘উইকিলিকস: অবাধ তথ্যপ্রকাশের অসাধারণ এক মাধ্যম’ এই দুটি বিষয় রাজধানী ঢাকার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেবে।মেলায় ৪০০টির বেশি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় দর্শনার্থীরা বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবে। মেলা চলবে ৬ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকছে। মেলায় প্রবেশমূল্য ১০ টাকা, তবে বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবেন। —তারিকুর রহমান খান