জমে উঠেছে কম্পিউটার মেলা
প্রযুক্তির মেলায় দর্শক-ক্রেতার ভিড়, এ আর নতুন কিছু নয়। আর সেটি যখন খুব বড় পরিসরে ব্যাপক আয়োজনে হয় তখন তো কথাই নেই।তাই শুরু হওয়ার প্রথম দুই দিনেই জমে উঠেছে দেশের সবচেয়ে বড় কম্পিউটার বাজার বিসিএস কম্পিউটার সিটির বার্ষিক মেলা। সিটি আইটি ২০১১ নামের এ মেলা শুরু হয়েছে বৃহস্পতিবার। উদ্বোধনী দিন ও গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে যথেষ্ট দর্শক সমাগম দেখা গেছে মেলায়। কম্পিউটার সিটির প্রতিটি দোকানের সামনে দেখা গেছে তরুণদের উপচে পড়া ভিড়। ‘কারণ, মেলায় পণ্য কিনলে মিলছে বিশেষ ছাড় আর উপহার।’ বললেন মেলায় ল্যাপটপ কিনতে আসা কেমিকৌশলী ফারজানা আনোয়ার। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ বললেন, ‘বন্ধুদের সঙ্গে মেলায় এসেছি নতুন কী কী পণ্য নেমেছে দেখতে।’ ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াদ বললেন, ‘স্যামসাং সিটি আইটি ফটো প্রতিযোগিতায় ছবি জমা দিয়েছি। তাই বিজয়ী হওয়ার আশা নিয়ে এসেছি।’ মেলায় সবার মধ্যে উৎসবের আমেজ। দর্শনার্থীরা বিনা মূল্যে ওয়াইম্যাক্স ইন্টারনেটের ব্যবহারের সুযোগ পাচ্ছেন। শিশুদের জন্য রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সবার জন্য রয়েছে গেমিং প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতাসহ আরও অনেক আয়োজন। প্রতিদিন প্রবেশ টিকিটের ওপর র্যাফল ড্র-এর মাধ্যমে দেওয়া হচ্ছে আকর্ষণীয় পুরস্কার। মেলায় গ্লোবাল ব্র্যান্ড লিমিটেড আসুসের বিভিন্ন মডেলের ল্যাপটপ কম্পিউটার রয়েছে। এসবের দাম ২৩ হাজার থেকে এক লাখ ২৬ হাজার ৫০০ টাকা। এসবের সঙ্গে রয়েছে ‘স্ক্র্যাচ অ্যান্ড উইন’ কার্ডের মাধ্যমে উপহার ও ছাড় পাওয়ার সুযোগ। গ্লোবাল এ-ডেটার এক্সটার্নাল হার্ডড্রাইভ, পেনড্রাইভ, র্যাম এবং ব্রাদারের প্রিন্টারও এনেছে। মেলায় রিশিত কম্পিউটার্স ব্লুরে ড্রাইভসহ সনির ভায়ো ইএ৩৭এফজি ও এফ১১৬এফজি ল্যাপটপ এনেছে। অন্য ল্যাপটপ কম্পিউটারগুলোতে আছে ছাড় ও উপহার। মেলায় প্রবেশমূল্য ১০ টাকা। তবে বিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রতিবন্ধীরা বিনা মূল্যে প্রবেশ করার সুযোগ পাচ্ছে। ডিজিটাল লাইফ, বেটার লাইফ শ্লোগান সামনে রেখে ১৩ জানুয়ারি শুরু হওয়া ১০ দিনের এ মেলা শেষ হবে ২২ জানুয়ারি। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। —জাহাঙ্গীর আলম