জমে উঠেছে কম্পিউটার সিটির মেলা
ঢাকার আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটির মেলায় প্রায় সব ধরনের প্রযুক্তিপণ্যে মিলছে নগদ ছাড় ও আকর্ষণীয় পুরস্কার। গতকাল বুধবার মেলার তৃতীয় দিনে বেশ ভিড় দেখা গেছে।অন্যান্য প্রযুক্তিপণ্যের পাশাপাশি এখন বেড়ানোর মৌসুম হওয়ায় ডিজিটাল ক্যামেরার দিকে বাড়তি আগ্রহ লক্ষ করা গেছে। মেলায় বিক্রি হচ্ছে ক্যানন, নাইকন, সনি, অলিম্পাস, সনিসহ আরও বিভিন্ন ব্র্যান্ডের ক্যামেরা। মেলায় জেএএন অ্যাসোসিয়েটে ক্যানন ক্যামেরায় এক থেকে দুই হাজার টাকা ছাড় দিচ্ছে। পাশাপাশি প্রতিটি ক্যামেরার সঙ্গে চার গিগাবাইট মেমোরি কার্ড বিনা মূল্যে দেওয়া হচ্ছে। এ ছাড়া রিশিত কম্পিউটারে সনি ব্র্যান্ডের বিভিন্ন ক্যামেরায় দেওয়া হচ্ছে নগদ মূল্যছাড়। মেলায় তাজকো ইন্টারন্যাশনালের স্টলে পাওয়া যাচ্ছে দেশের তৈরি দোয়েল ল্যাপটপ কম্পিউটার। মেলায় প্রতিদিন বিকেল চারটায় ২০ টাকা দর্শনীর বিনিময়ে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র গেরিলা দেখা যাবে। মেলায় প্রতিদিনই প্রবেশ টিকিটের ওপর থাকছে র্যাফল ড্রতে আকর্ষণীয় পুরস্কার। মেলায় গত মঙ্গলবার এই র্যাফল ড্রতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার বিজয়ীর টিকিট নম্বর যথাক্রমে ৯৫৫৪, ২৮৮৬ ও ৪১৬৮। মেলা চলবে ৪ জানুয়ারি পর্যন্ত।—মোছাব্বের হোসেন