জমে উঠেছে চট্টগ্রামের তথ্যপ্রযুক্তি মেলা
মেলা তিন দিনের। তাই দ্বিতীয় দিনই জমজমাট চট্টগ্রামের তথ্যপ্রযুক্তি মেলা। গতকাল বুধবার চট্টগ্রামের উডল্যান্ড পার্কে মেলা ঘুরে দেখা গেছে, প্রতিটি স্টল এবং প্যাভিলিয়নে ছিল দর্শনার্থী ও ক্রেতাদের ভিড়। ইনটেলের ব্যবস্থাপনায় গেম খেলার বিশেষ আয়োজন আছে মেলায়। এ জায়গাটা সারা দিনই ছিল বিদ্যালয়ের শিক্ষার্থীদের দখলে। তথ্যপ্রযুক্তির এ মেলায় স্বাভাবিকভাবেই তরুণ প্রজন্মের ভিড় ছিল দিনজুড়েই। বাবা মো. হাফিজের সঙ্গে মেলায় আসেন কলেজছাত্রী রোখসানা হাফিজ। রোখসানার বাবা জানান, ‘অনেক দিন ধরে মেয়ের বায়না ছিল একটি ল্যাপটপ কম্পিউটারের জন্য। আজ ওর সে আশা পূরণ করেছি।’ মা-বাবাসহ ডেস্কটপ কম্পিউটার কিনতে এসেছে বাপ্পি হাসান ও সোনিয়া হাসান নামে স্কুলপড়ুয়া দুই ভাইবোন। মেলায় বেচাকেনা ভালোই হচ্ছে বলে জানালেন ফ্লোরা লিমিটেডের সহকারী ব্যবস্থাপক লুসিয়াস বাপ্পা রোজারিও। কম্পিউটার ভিলেজের জ্যেষ্ঠ নির্বাহী সহকারী ব্যবস্থাপক মো. জাভেদ হোসেন বলেন, ‘এবার ল্যাপটপের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি এবং তরুণেরাই কিনছেন এগুলো।’ মেলায় ইউসিসি নিয়ে এসেছে লেক্সমা, সিলিকন পাওয়ারের মনিটর, ফ্ল্যাশ কার্ড, মাল্টিমিডিয়া প্লেয়ার, ফটো ফ্রেম প্রভৃতি। এসারের সহকারী ব্যবস্থাপক আনিসুর রহমান জানিয়েছেন, মেলায় এসারের ল্যাপটপ বিক্রি করা হচ্ছে দুই থেকে ছয় হাজার টাকা ছাড়ে। আজ এ মেলার শেষ দিন। মেলা খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। —নিজাম হায়দার সিদ্দিকী, চট্টগ্রাম