জমে উঠেছে দিনাজপুরের তথ্যপ্রযুক্তি উৎসব
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তথ্যপ্রযুক্তি উৎসব শিক্ষার্থী আর আগ্রহী মানুষের ভিড়ে জমে উঠেছে। উৎসবের দ্বিতীয় দিন গতকাল রোববার অনেক দূর থেকে এসেছিলেন একদল কলেজ শিক্ষার্থী। তাঁদের একজন মুরাদ আহসান জানালেন, নানা ধরনের সফটওয়্যার আর গেম প্রতিযোগিতা দেখতেই বন্ধুরা সবাই মিলে এসেছেন। এমনই নানা উৎসাহ-উদ্দীপনায় জমজমাটভাবে চলছে এ উৎসব। তিন দিনের এ উৎসব শেষ হচ্ছে আজ। গতকাল সকালে উৎসব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আর্থিক কার্যক্রমে তথ্যপ্রযুক্তি শিরোনামের সেমিনার। এতে মূল প্রবন্ধ পড়েন ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়র কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন রুহুল আমিন। এই সেমিনারে আর্থিক কার্যক্রমে তথ্যপ্রযুক্তির নানা ব্যবহারিক কার্যক্রমের কথা তুলে ধরা হয়। ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে তথ্যপ্রযুক্তি ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। উৎসবের আয়োজক কমিটির সদস্য আদিবা মাহ্জাবিন জানান, আমরা চেয়েছি দিনাজপুরের শিক্ষার্থীদের প্রযুক্তি সম্পর্কে জানানো এবং আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একত্র করতে। চাকরির ওয়েব পোর্টাল প্রথম আলো জবস ডটকমের সৌজন্যে গতকাল অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয় এবং স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা। তিন পর্বের এ প্রতিযোগিতার ফলাফল আজ ঘোষণা করা হবে। এ ছাড়াও গতকাল আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতার মহড়া অনুষ্ঠিত হয়। আজ চূড়ান্ত প্রতিযোগিতা হবে। এতে ২০টি বিশ্ববিদ্যালয়ের ৪০টি দল অংশ নিচ্ছে। এ ছাড়া দিনব্যাপী অনুষ্ঠিত হয় নানা ধরনের সফটওয়্যার প্রদর্শনী, গেমিং প্রতিযোগিতার সেমিফাইনাল-পর্ব অনুষ্ঠিত হয়। এ ছাড়াও উৎসবে চলছে চলচ্চিত্র প্রদর্শনী। —নুরুন্নবী চৌধুরী, দিনাজপুর থেকে