জমে উঠেছে ময়মনসিংহের কম্পিউটার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ডিজিটাল মেলা জমে উঠেছে।পাঁচ দিনের বিসিএস ডিজিটাল এক্সপো ময়মনসিংহ ২০১২ নামের এ মেলার দ্বিতীয় দিন গত শুক্রবার বিভিন্ন বয়সী মানুষের পদচারণা দেখা গেছে।গতকালশনিবারও ছিল একই চিত্র।স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দল বেঁধে মেলায় এসেছেন নানা ধরনের প্রযুক্তিপণ্যের খবর নিতে। বিভিন্ন স্টল ঘুরে দর্শনার্থীরা দেখেশুনে নিজের পছন্দের কম্পিউটার, ক্যামেরাসহ বিভিন্ন পণ্যের দাম ও ব্যবহার জেনে নিচ্ছেন। অনেকে কিনেও নিচ্ছেন পছন্দের পণ্যটি।শুক্রবার বিকেলে মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতার। ‘কৃষি খামার অফিসসহ ডিজিটাল হবে বাংলাদেশ’ বিষয়ে শতাধিক ছেলেমেয়ে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। একই সময় ‘মাটি’র পরিবেশনে অনুষ্ঠিত হয় জলবায়ু পরিবর্তন নিয়ে একটি প্রামাণ্যচিত্র। মেলার আয়োজক বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ময়মনসিংহ শাখার সহসভাপতি মো. মোখলেছুর রহমান বলেন, ‘বিক্রিকে প্রাধান্য না দিয়ে আমরা নতুন প্রজন্মকে আকৃষ্ট করার মাধ্যমে বাজার বড় করতে এ আয়োজন করেছি।’ মেলা দেখতে সপরিবারে এসেছেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নার্গিস আক্তার। তিনি বলেন, এ ব্যতিক্রমী আয়োজন নিঃসন্দেহে নতুন প্রজন্মের কাজে আসবে। সঙ্গী ছেলে পঞ্চম শ্রেণীর ছাত্র তালহা নাবিদ জানায়, অনেক ভালো লাগছে। মেলায় অংশ নেওয়া কম্পিউটার সোর্সের বিক্রয় ব্যবস্থাপক সৈয়দ কামরান সাদাত বলেন, ময়মনসিংহে প্রথমবারের মতো এ আয়োজন হলেও আগ্রহী দর্শক অনেক বেশি। গিগাবাইট স্টলের বিক্রয়কর্মী শাম্মী আক্তার জানান, দর্শনার্থীদের মধ্যে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীই বেশি। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। এতে ৩৫টি প্রতিষ্ঠানের ৪১টি স্টল রয়েছে। মেলায় প্রতিদিন থাকছে কম্পিউটার ও আইটি বিষয়ে কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা শেষ হবে আগামীকাল।—মো. কামরুজ্জামান, ময়মনসিংহ