জমে উঠেছে স্মার্টফোনের মেলা

ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) জমে উঠেছে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের মেলা। হাল প্রযুক্তির স্মার্টফোন-প্রেমীদের আনাগোনায় মুখর মেলা প্রাঙ্গণ। গতকাল শুক্রবার বিআইসিসির বিশাল করিডর পার হয়ে মেলা চত্বরে ঢুকেই কথা হলো ঢাকার শংকর থেকে আসা মাসুদ রায়হানের সঙ্গে। তিনি বললেন, ‘একটি স্মার্টফোন কেনার উদ্দেশ্যে মেলায় এসেছি। মেলায় মূল্য ছাড়ে পছন্দের যন্ত্রটি কেনা যায়। বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখছি, পছন্দ হলেই কিনব।’
‘রবি স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৪’ শিরোনামের তিন দিনের এই মেলা শেষ হবে আজ। মেলা উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে রয়েছে বিশেষ মূল্য ছাড়। বিভিন্ন পণ্যের সঙ্গে দেওয়া হচ্ছে আকর্ষণীয় উপহার। মেলায় স্যামসাংয়ের স্টলে চলছে নতুন পণ্যের প্রদর্শনী। মেলায় এসে ‘গ্যালাক্সি এস-৫’ স্মার্টফোনের জন্য আগাম বুকিং দেওয়া যাবে। আগামী ১০ এপ্রিল বাংলাদেশের বাজারে ছাড়া হবে স্মার্টফোনটি। মেলা চলাকালীন নকিয়ার স্টল থেকে যেকোনো মডেলের স্মার্টফোন কিনলে পাওয়া যাবে ৫ শতাংশ ছাড়।
গত বৃহস্পতিবার মেলা উদ্বোধন করে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ বলেন, ‘বাংলাদেশের মানুষ খুব দ্রুত তথ্যপ্রযুক্তির ব্যবহার আয়ত্তে এনেছে। স্মার্টফোন ও ট্যাবলেটের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে বহুগুণ। প্রযুক্তিনির্ভর দৈনন্দিন জীবনের নিত্যসঙ্গী হয়ে গেছে র্স্মাটফোন।’
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের সভাপতি শামীম আহসানসহ অনেকে।
মেলা খোলা থাকে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। মেলায় ঢুকতে কোনো টিকিট লাগছে না। মেলায় রয়েছে এলজি, আসুস, এসার, লেনোভো, ফ্লোরা লিমিটেড, আরকোস, অয়নল, গ্যাজেট ৭ ও কোবিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ১০টি প্যাভিলিয়ন ও আটটি স্টল। দ্বিতীয়বারের মতো এ মেলার আয়োজন করেছে এক্সপো মেকার। মেলা আয়োজনে সহযোগী অ্যাভিরা, নকিয়া, স্যামসাং ও সিম্ফনি। রবি স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৪-এর ফেসবুক পেজে (facebook.com/STExpo) মেলার খবরাখবর নিয়ে চলছে ‘ট্যাগ শেয়ার অ্যান্ড উইন’ নামে একটি প্রতিযোগিতা।
—মো. রাফাত জামিল