জমে উঠেছেডিজিটাল আইসিটি মেলা
রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সিটি সেন্টারে ডিজিটাল আইসিটি মেলা জমে উঠেছে। ক্রেতাদের উৎসাহ আর বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর দেওয়া নানা ছাড় ও উপহারে মাল্টিপ্ল্যান সেন্টারের তৃতীয় থেকে দশম তলা এখন বেশ সরগরম। বিক্রির পাশাপাশি চলতি বছরের সেরা প্রযুক্তিগুলো প্রদর্শিত হচ্ছে মেলায়। গতকাল শুক্রবার মেলায় তিন থেকে ১৬ বছরের শিশুদের চারটি বিভাগে ডিজিটাল বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বিচারক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন আবুল বারক আলভী। মেলা উপলক্ষে পুরো মাল্টিপ্ল্যান সেন্টারে সাজসজ্জা ও বাড়তি আয়োজন করা হয়েছে। মেলায় কিউবির মডেম কিনলে একটি টারটেল ব্যাগ উপহার পাওয়া যাচ্ছে। তবে এ উপহার মেলার বাইরে পাওয়া যাবে না। মেলার র্যা ফল ড্রতে ল্যাপটপ, মডেম ও জ্যাকেটসহ আরও বেশ কিছু উপহার রয়েছে। এখানকার এক্সেল টেকনোলজিতে পণ্য কিনে স্ক্র্যাচকার্ড ঘষে নগদ টাকা ও প্রযুক্তিপণ্য উপহার পাওয়া যাবে। ছয়তলার মাল্টিমিডিয়া কিংডমে রজিটেক পণ্যে ৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। মেলা থেকে আসুসের পণ্য কিনলে একটি জ্যাকেট ও কম্পিউটার ক্লিনিং কিট উপহার পাওয়া যাবে। বুলগার্ডের অ্যান্টি-ভাইরাসে থাকছে ৫০ শতাংশ ছাড়। মেলার আহ্বায়ক ও মাল্টিপ্ল্যান সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহেসান বলেন, ছয় দিনের এ ডিজিটাল আইসিটি মেলায় পরিবেশবান্ধব তথ্যপ্রযুক্তিব্যবস্থা ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে টেকসই সবুজ প্রযুক্তির প্রচলন করতে আসা দর্শনার্থীদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এ কারণে মেলার এবারের স্লোগান ‘বি দ্য চেঞ্জ, স্টার্ট গ্রিন নাউ’। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত আটটা পর্যন্ত চলবে। প্রবেশ টিকিটের দাম ১০ টাকা। শিক্ষার্থীদের জন্য প্রবেশ টিকিটের প্রয়োজন নেই। মেলার প্রধান পৃষ্ঠপোষক কিউবি, সহ-পৃষ্ঠপোষক আসুস, গিগাবাইট, বুলগার্ড, লজিটেক, ফুজিৎসু ও টিপিলিংক। —জিয়াউর রহমান চৌধুরী