জম্পেশ শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির/ জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর/ আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি—কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘প্রার্থনা’ কবিতার কয়েকটি লাইন। জম্পেশ ডটকম (jompesh.com) ওয়েবসাইটে ঢুঁ মারতেই দেখা যায় পঙ্ক্তিগুলো। আহ্বান জানানো হচ্ছে মুক্তজ্ঞানের। কিন্তু কেন? জম্পেশের প্রতিষ্ঠাতা সাইদুজ্জামানের কাছে প্রশ্ন রেখেছিলাম। তিনি জানিয়েছিলেন জম্পেশের মাধ্যমে দেশের শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার জ্ঞান ছড়িয়ে দিতে চান।
জম্পেশের শুরুর গল্পের আগে ওয়েবসাইটটি সম্পর্কে জেনে নেওয়া যাক। ওয়েবসাইটটিতে শিশুশিক্ষা থেকে শুরু করে প্রাথমিক এবং কলেজের পাঠ্যবিষয়ের ভিডিও টিউটোরিয়াল রয়েছে। এর বাইরে ‘পেশাদার কোর্স’ বিভাগে রয়েছে কম্পিউটার বিজ্ঞান, প্রকল্প ব্যবস্থাপনা এবং ওয়েব ডেভেলপমেন্ট শেখার টিউটোরিয়াল। আরও আছে ইংরেজি শেখার ভিডিও, বিসিএস পরীক্ষার প্রস্তুতি সহায়ক গণিত ও ইংরেজি নিয়ে টিউটোরিয়াল। ভিডিও টিউটোরিয়ালের পাশাপাশি রয়েছে ক্লাস নোট, হ্যান্ডনোট, রান্না, রূপচর্চাবিষয়ক বই। ওয়েবসাইটটিতে নিবন্ধন করে দলবদ্ধ পড়াশোনা, পড়াশোনা নিয়ে অন্যদের সঙ্গে আলোচনা করা যাবে। এমনকি পরীক্ষা দেওয়াও যাবে। পড়তে পড়তে একঘেয়েমি চলে এলে খেলা যাবে গেম।
ভারতের বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক হয়ে ইউনিভার্সিটি অব মাইসোর থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন। দেশে ফিরে চাকরি শুরু করেন একটি টেলিযোগাযোগ প্রতিষ্ঠানে। সে সময় গ্রামে গেলে তিনি দেখতেন অনেক শিক্ষার্থীই শিক্ষকের অভাবে ঠিকমতো পাঠ নিতে পারছে না। আর খুব বেশি সুবিধা যে আছে তা-ও নয়। ব্যাপারটি বেশ পীড়া দিত সাইদুজ্জামানকে। আর সে জন্যই ২০১১ সালে গড়ে তোলেন জম্পেশ, জানান এ উদ্যোগের প্রতিষ্ঠাতা।
কিন্তু গ্রামে কি ইন্টারনেট এখনো সহজলভ্য হয়েছে, এমন প্রশ্ন করতেই তিনি বলেন, প্রতিটি স্মার্টফোন হবে একেকটি শিক্ষার মাধ্যম। ব্যাপারটি পরিষ্কারও করেন। জম্পেশের অ্যাপ থাকবে স্মার্টফোনে। কিন্তু টেলিকম কোম্পানি ইন্টারনেট খরচ নেবে না। এ নিয়ে ইতিমধ্যে কাজও শুরু হয়েছে নাকি। এ জন্য সম্প্রতি চাকরি ছেড়ে জম্পেশকে আরও ভালোভাবে গড়ে তুলতে সময় দিচ্ছেন বলে জানান তিনি। জম্পেশ থেকে শিক্ষার্থীরা কেন শিখবে? সাইদুজ্জামান বলেন, ‘ভিডিওগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, আনন্দের সঙ্গে সহজে শিখতে পারবে তারা। মুখস্থ করার প্রয়োজন পড়বে না।’