জয়ের অনুভূতি বিজয়ীর মুখে
‘নাম ঘোষণা হচ্ছে বিজয়ীদের। কিন্তু আমার নাম নেই। মনটা খারাপই হয়ে গেল। কিন্তু সজল-কাজল পুরস্কারটা যে আমার জন্য অপেক্ষা করছে, তা তো আর জানতাম না। নাম শুনে লাফিয়ে উঠলাম। মুখে তখন একটাই বাক্য এল “ইয়েস”। কারণ, নিজের ওপর আস্থা ছিল যে আমি পারব।’ কথাগুলো আওড়াতে আওড়াতে মায়ের দিকে দে-ছুট প্রাইমারিতে সজল-কাজল পুরস্কার পাওয়া ময়মনসিংহ জিলা স্কুলের শিক্ষার্থী সাজিউল করিম। তবে জুনিয়রে চ্যাম্পিয়ন হওয়া সেন্ট গ্রেগরি হায়ার সেকেন্ডারি স্কুলের প্রিতম কুণ্ডু জানায়, ‘গতবারও চ্যাম্পিয়ন হয়েছিলাম। তাই বলে কম মজা লাগছে না এবারও। বরং নিজের ওপর আস্থা বেড়ে যাচ্ছে বেশি। সামনে আরও ভালো কিছু করব বলে আশা রাখি।’ নিজের নাম ঘোষণা হবে—এটা তো বুঝতেই পারেনি সারোয়ার আহমেদ। প্রথমবারই জাতীয় উত্সবে এসে বিজয়ী হয়েছে সে। জুনিয়র ক্যাটাগরিতে দ্বিতীয় রানারআপ। ‘এটা কি আর কম আনন্দের বলেন’—প্রশ্ন ছুড়ে দিল আমার দিকেই!আরেক বিজয়ী মিম আরাফাতের মতে, ‘যেকোনো বিজয়ই আনন্দের। তবে গণিতে বিজয়ী হওয়ার আনন্দ একটু বেশি। কারণ, অনেকে গণিতে ভয় পায়। আর সেই ভয়কে জয় করে পুরস্কার পাওয়া।’ ফারাহ নওশিন ইসলাম এসেছিল ঢাকার ওয়াইডব্লিউসিএ হায়ার সেকেন্ডারি গার্লস স্কুল থেকে। তবে মনোবল ছিল সম্পূর্ণ অটুট। তার মতে, ‘আমার তো পরীক্ষা ভালো হয়েছে। তাই ধরে নিয়েছিলাম, আমি বিজয়ী হতে পারি। দেখলেন তো ঠিক ঠিক প্রাইমারির চ্যাম্পিয়নদের একজন হয়ে গেলাম।’ প্রাইমারি ক্যাটাগরিতে আরেক বিজয়ী মেহেদি হাসান সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে পড়ছে। সিরাজগঞ্জ এবার ছিল নতুন ভেন্যু। বিজয়ী হয়ে তার অনুভূতি জানাল অনেকটা এভাবে, ‘প্রথমবারে এসেই বাজিমাত করে দেব ভাবিনি। ঢাকায় আসার পর এত প্রতিযোগীর উপস্থিতি দেখে নিজেই একটু ভয়ে ছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে, গণিতে আসলে ভয় বলে কিছু নেই।’ দিপন পাল জিতেছে জুনিয়রে প্রথম রানারআপের পুরস্কার। জানাল বিজয়ী হয়ে, ‘ফলাফল ঘোষণার সময় প্রচুর টেনশন হচ্ছিল। শেষে যখন দেখলাম, প্রথম রানারআপ; বুকের ভেতর যেন শীতল স্রোত গড়িয়ে এল কোনো স্থান থেকে। এখন তো নিজের আত্মবিশ্বাস বেড়ে কয়েক গুণ। আর গণিতের ভয় নয়, এবার শুধু বিজয় আর বিজয়।’ নাটোর গভ. বয়েজ হাইস্কুলের ফাহিম শাহরিয়ার জানাল, ‘পরীক্ষার সময় মনেই হয়নি চার ঘণ্টা বসে আছি। বরং আরও সময় পরীক্ষা দিতে ইচ্ছে হচ্ছিল। অঙ্ক করা মানে যে নিজের বুদ্ধি প্রয়োগের সুযোগ! এখানে না এলে হয়তো তা অজানাই থেকে যেত।’ হায়ার সেকেন্ডারিতে চ্যাম্পিয়ন হয়েছে ফাহিম ফেরদৌস। বিজয়ের আনন্দ তার চোখমুখে। তৃপ্তির ঢেকুর তুলে নিজের কথায় এল। ‘আমি সব সময় গণিত বুঝে করার চেষ্টা করি। আর ভালো লাগে যখন সমাধান মিলিয়ে ফেলি, তখন। মনে হয়, নতুন যুদ্ধে বিজয়ের স্বাদ পেলাম।’ ফাহিম নেদারল্যান্ডে জাতীয় দলের প্রতিনিধি ছিল। সুযোগ পেলে ভবিষ্যতে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ভালো করার চেষ্টা করবে বলে জানায়।এমন ভালো লাগা আর ভালোবাসা নিয়েই বিজয়ীরা মঞ্চে দাঁড়ায় ছবি তুলতে। একই ফ্রেমে বাঁধা হয় ২০১১ সালের সব বিজয়ীকে।বিজয়ীদের অনেকেরই এখন নতুন উত্কণ্ঠা, ‘ক্যাম্পে ডাক পাব তো?’এখন কেবল বড়দের নয়, ছোটদেরও গণিত ক্যাম্প হয়। কাজেই উত্কণ্ঠা এখন সবার মাঝে। জুনিয়র ক্যাটাগরির বিজয়ীরা তাদের জন্য আলাদা ক্যাম্প আয়োজনের কথা মনে করিয়ে দিয়ে গেছে আয়োজকদের।ইমাম হাসান